বিএনপির জাতীয় স্থায়ী কমিটি গতকাল এক বিবৃতিতে শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহবান জানিয়েছে। একই সঙ্গে দল-মত নির্বিশেষে দেশের জনগণকে প্রতিবাদ ও ন্যায়বিচার দাবিতে শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার সরকার রবিবার মধ্যরাতের পর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী লাখ লাখ নিরস্ত্র জনসাধারণের ওপর ভয়াবহতম যে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে দেশবাসী ও সচেতন বিশ্ববিবেকের সঙ্গে আমরাও স্তম্ভিত এবং গভীরভাবে বেদনাহত। নিজের দেশের মানুষের ওপর কোনো সভ্য সরকার এমন জঘন্য বর্বর হত্যাযজ্ঞ চালাতে পারে, তা আমাদের কাছে কল্পনাতীত। এই নৃশংস মারণযজ্ঞের প্রতিবাদ জানাবার ও শোক প্রকাশের ভাষা আমাদের নেই। বিবৃতিতে বলা হয়, আমরা জেনে স্তম্ভিত হয়েছি যে, মধ্যরাতের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে অভিযানে নামানো হয়। আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)সহ যুদ্ধক্ষেত্রে ব্যবহূত ভয়ংকর সব মারণাস্ত্র ও সাজ-সরঞ্জাম নিরস্ত্র জনগণের সমাবেশ ভাঙতে ব্যবহার করা হয়। অথচ দেশবাসী জানেন, বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় আটক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের রক্ষার জন্য শতমুখি করুণ ফরিয়াদ সত্ত্বেও এই সরকার এ ধরনের কোনো অভিযান পরিচালনার অনুমতি দেয়নি।
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে হেফাজতে ইসলাম লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। ৫ মে তারিখেও তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন শেষে শাপলা চত্বরে অনুমোদিত সমাবেশে যোগ দিতে আসে। হেফাজতের এই কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগ আগের দিনেই তাদের দল ও অঙ্গ সংগঠনের লোকদের নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং জিরো পয়েন্ট, জাতীয় প্রেসক্লাব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশেপাশে সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা সকাল থেকেই অবস্থান নিয়েছিল। এরাই হেফাজতের সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা চালায়। উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে তাদের হামলার চিত্র বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নির্দেশে আক্রমণকারীদের সুরক্ষা দিয়ে হেফাজত কর্মীদের ওপরেই যৌথভাবে হামলা চালায়। তারা বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। এতে অন্ততঃ ৬ জন নিহত ও শতাধিক আহত হয়। এই ন্যক্কারজনক হামলার শিকার হেফাজত কর্মীরা শাপলা চত্বরের সমাবেশের দিকে চলে যাবার পর সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকা দখলে নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক আইন-শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান-পাট, বাণিজ্য কেন্দ্র, ফুটপাথের বইয়ের দোকান ও যানবাহনে বেপরোয়া হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। তারা বিভিন্ন ধর্মগ্রন্থ এমনকি পবিত্র কোরআন শরিফেও অগ্নিসংযোগ করে। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সমপ্রচারিত ভিডিও ফুটেজে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ-পদবীধারী বেশ কয়েকজনকে এইসব সন্ত্রাসী তত্পরতায় নেতৃত্ব দিতে দেখা গেছে।
বিবৃতিতে বলা হয়, এরপর অপরাহ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সংবাদ সম্মেলনে সকল সন্ত্রাসী তত্পরতার জন্য হেফাজতে ইসলামকে দায়ী করেন। তিনি তাদেরকে ‘রাজাকার-আলবদরের নতুন প্রজন্ম’ বলে উল্লেখ করে অবিলম্বে ঢাকা ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় হেফাজতে ইসলামকে গর্তে ঢুকিয়ে দেয়ার হুমকি দেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, হেফাজতকে দমন করতে আওয়ামী লীগই যথেষ্ট। শাসক দলের নেতার অস্ত্রের ভাষায় দেয়া এই হুমকি, শান্তিপূর্ণ মিছিলে হামলা করে হতাহত করার প্রতিবাদে এবং ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করলে সরকার তাদেরকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার বাস্তবায়ন ঘটায়। এই লক্ষ্যে সন্ধ্যা থেকেই পুরো এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দিয়ে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের আশেপাশে জড়ো করা হয়। মধ্যরাতের পর শাপলা চত্বর ও আশেপাশে অবস্থানরত হেফাজতের নেতা-কর্মীরা যখন ঘুমে এবং কেউ কেউ জিকির আসকারে নিমগ্ন সেই সময় তাদের ওপর নেমে আসে পৈশাচিক হত্যাযজ্ঞ।
বিবৃতিতে আরো বলা হয়, হেফাজত-কর্মীদের বেশির ভাগই গ্রামের দরিদ্র পরিবার থেকে আসা মাদরাসা ছাত্র। যাদের এক বিরাট অংশ ইয়াতিম। কিশোর ও বৃদ্ধরাও ছিলেন তাদের মধ্যে। সারাদিনের পথশ্রমে ক্লান্ত-শ্রান্ত এই মানুষগুলো ছিলেন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। বেগম খালেদা জিয়া নগরীর এই মেহমান ও মুসাফিরদের খাদ্য ও পানীয় সরবরাহের জন্য ঢাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের আহবান জানালেও সরকারি দলের সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্যে তা সরবরাহ করতে তারা ব্যর্থ হন। ঘুমন্ত ও ইবাদতরত মানুষগুলোকেই মধ্যরাতের পর বেপরোয়া গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে ঘুমন্ত মানুষের ওপর যে পৈশাচিক গণহত্যা এই অঞ্চলে পাকিস্তানের মৃত্যু ঘটিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে অনিবার্য করে তুলেছিল ৫ মে কালো রাতের গণহত্যা কেবল তার সঙ্গেই তুলনীয়। এই বর্বরতা ঔপনিবেশিক ভারতের কুখ্যাত ‘জালিয়ানওয়ালা বাগের’ হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে। অভিযানের আগে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বিতাড়িত করা হয়। ঘটনাবলী সম্পর্কে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবরণ বা প্রেসনোট দেয়া হয়নি। হতাহতের কোনো সঠিক পরিসংখ্যানও দেশবাসীকে জানানো হয়নি। বিদেশি গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে আড়াই থেকে তিন হাজার লোককে হত্যা এবং দশ হাজারের অধিক মানুষ আহত হবার কথা জানা যাচ্ছে। বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ফুটেজে অভিযানে বেপরোয়া গুলিবর্ষণ, অসংখ্য লাশের ছড়াছড়ি, মৃতদেহের ওপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেয়া এবং ট্রাক ভর্তি লাশ সরিয়ে নেয়ার নৃশংস দৃশ্যাবলি দেখে দেশবাসীর সঙ্গে আমরাও শিউরে উঠেছি।
