বিমানের এক কর্মকর্তার বিদেশ ভ্রমণে ৩ বছরে ব্যয় ৩০ লাখ টাকা

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:০৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসানের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে অর্থ লোপাটের নানা চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটি বছরের পর বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে আসছে। গত অর্থ বছরেও এর লোকসান ছিল ৪শ’ কোটি টাকার বেশি। লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য সরকার গত মার্চ মাসের মাঝামাঝি একজন বৃটিশ নাগরিককে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমে লোকসানের কারণ খুঁজতে শুরু করেন। অনুসন্ধানকালে একে একে অর্থ লোপাটের নানা তথ্য বেরিয়ে আসছে। বিমানে কর্পোরেট কোয়ালিটি এন্ড রিচ ম্যানেজমেন্ট নামে একটি বিভাগ আছে। এই বিভাগের এক কর্মকর্তার তেমন কোন কাজ না থাকলেও তিনি সারা বছর বিদেশ ভ্রমণেই বেশি সময় ব্যয় করেন। উপ-মহাব্যবস্থাপক পদমর্যাদার ওই কর্মকর্তা প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ বাবদ বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। গত তিন বছরে তিনি ওয়াশিংটন, নিউইয়র্ক, সানফ্রানসিসকো, লন্ডন, রোম, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবি, মাস্কাট, নাইজেরিয়া, সিঙ্গাপুর, দোহা, ম্যাসি, দিল্লী, ব্যাংককসহ পৃথিবীর বিভিন্ন স্থানে ২৭ বার সফর করেছেন। এর মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে গেছেন একাধিকবার। তার এসব সফরে যাবতীয় ব্যয় বহন করতে হয়েছে বিমানকে। আর এতে বিমানের ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু যেসব প্রশিক্ষণ, সেমিনার ও সভায় তিনি অংশগ্রহণ করেন তা বিমানের জন্য কোন কাজেই আসেনি বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসের প্রথম দিকে এই কর্মকর্তা ফ্রান্সে একটি কোর্সে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চান। এ নিয়ে তিনি বেশ দেনদরবারও করেন। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে শর্ত সাপেক্ষে কোর্সে অংশ নিতে অনুমতি দেন। কিন্তু যে শর্তে তাকে পাঠানো হয়েছিল তিনি তা পূরণ করেননি। এরপরও একই মাসে তিনি কানাডার মন্ট্রিয়্যালে এবং চলতি মাসে ব্যাংককে দুইটি পৃথক কোর্সে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দিয়েছেন। এদিকে অতিরিক্ত কাজের নামেও প্রতি মাসে বিপুল অংকের অর্থ লুটপাট হচ্ছে। বিমানের কেনাকাটার ক্ষেত্রেও দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।