শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার করেছে বিএনপি

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:০৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজত কর্মীদের সরাতে র্যাব, পুলিশ ও বিজিবির যে যৌথ অভিযান পরিচালিত হয়েছে তাতে কারো প্রাণহানি ঘটেনি। অথচ এ অভিযানে ‘শত শত’ মানুষ মারা গেছে বলে বক্তব্য দিয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি এই শতাব্দির জঘন্যতম মিথ্যাচার করেছেন। গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ ও সমাবেশ ঘিরে যে নাশকতা হয়েছে তার মূল হোতা খালেদা জিয়া। হেফাজতকে ব্যবহার করে নাশকতা করে খালেদা জিয়া ওইদিন গণতান্ত্রিক সরকারকে উত্খাতের ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষ ভূমিকার কারণে তাদের সমস্ত ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। নৈরাজ্য ও সহিংসতার জন্য খালেদা জিয়া এবং হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। খালেদা জিয়ার আল্টিমেটাম ও হেফাজতের অবরোধ একই সূত্রে গাঁথা। অবৈধভাবে ক্ষমতায় যেতে লাশ ও রক্তপাতের জন্য খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, ৫ মে সমাবেশ শেষ করার পরও রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজত কর্মীদের সরাতে র্যাব, পুলিশ ও বিজিবির যে যৌথ অভিযান পরিচালিত হয় তা সব মহলে অভিনন্দিত হয়েছে। কোন ধরনের প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণভাবে হেফাজত কর্মীদের ঢাকা থেকে সরিয়ে দেয়া হয়। আর এই যৌথ অভিযানের মাধ্যমে নগরবাসী আতঙ্কমুক্ত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী জীবন দিয়েও নগরবাসীকে রক্ষা করেছে। হেফাজত কর্মীরা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ, স্বর্ণের দোকানে লুটপাট ও তাণ্ডবলীলা চালিয়েছে। হেফাজতের নৈরাজ্যের কর্মসূচির পাশে বিএনপি নেতাদের দাঁড়াতে বলে খালেদা জিয়া সহিংসতাকে উস্কে দিয়েছেন। তিনি আরো বলেন, তথাকথিত হেফাজত কর্মীরা মাদ্রাসার ছাত্র ও শিশুদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিল। এসব শিশুকে ঝুঁকির মধ্যে ফেলে তারা পালিয়ে যায়। যারা পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। অপরদিকে বিনা রক্তপাতে হেফাজত কর্মীদের মতিঝিল থেকে সরিয়ে দেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কথায় কথায় একাত্তরের গণহত্যার সঙ্গে তুলনা করার মাধ্যমে একাত্তরের গণহত্যাকে তাচ্ছিল্য করতে চায়। মতিঝিলের ঘটনাকেও তারা গণহত্যা বলে জঘন্য মিথ্যাচার করছে। যে দেশের মিডিয়া এত শক্তিশালী সেখানে এ ধরনের মিথ্যাচার করে পার পাওয়া যাবে না। তিনি বলেন, তথাকথিত হেফাজতের সঙ্গে খালেদা জিয়া হঠাত্ করে সমাবেশের কর্মসূচি দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে গোটা রাজধানী তছনছ করতে চেয়েছিলেন। তিনি বলেন, বিএনপি চেয়েছিল হেফাজতকে ৫ মে মাঠে রেখে ৬ মে থেকে বিএনপি-জামায়াত একত্রে মাঠে নেমে গণতান্ত্রিক সরকারকে উত্খাত করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, হেফাজতের সমাবেশ ঘিরে যেসব ধ্বংসযজ্ঞ হয়েছে তার দায় খালেদা জিয়া ও শফীকে নিতে হবে। তিনি বলেন, মতিঝিলের সমাবেশে কোন প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। শুধু রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মাঈনউদ্দিন খান বাদল, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।