পদোন্নতি নেই সহকারি রাজস্ব কর্মকর্তাদের

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:০৬
রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরেজমিনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও গত ২২ বছর ধরে কোন পদোন্নতি হয়নি সহকারী রাজস্ব কর্মকর্তাদের। অথচ বেশিরভাগ রাজস্ব কর্মকর্তার পদ শূন্য পড়ে আছে। এদিকে বেশিরভাগ পদ শূন্য পড়ে থাকায় প্রত্যেক রাজস্ব কর্মকর্তাকে তত্ত্বাবধান করতে হচ্ছে ৪ থেকে ৫টি সার্কেল। এতে রাজস্ব আদায়ের উপর বড় ধরনের প্রভাব পড়ছে। ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। পদোন্নতি না থাকায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দানা বেঁধে উঠেছে, কমে গেছে কর্মস্পৃহা। যা দেশের রাজস্ব আদায়ের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। রাজস্ব কর্মকর্তা পদটি পদোন্নতিলব্ধ পদ। যেখানে প্রায় ৮শ’র মতো কর্মকর্তা থাকার কথা। অথচ বর্তমানে এ পদে কর্মকর্তা রয়েছেন আড়াইশ’র মতো। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) খোঁজ নিয়ে জানা গেছে, বছরের পর বছর ধরে সহকারী রাজস্ব কর্মকর্তাদের পদোন্নতি আটকে থাকার বিষয়টি সত্য। তবে এ জন্য এই স্তরের কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ি করা হয়েছে। এনবিআর সূত্র জানায়, এক পক্ষের পদোন্নতি অন্যপক্ষ আদালতের মাধ্যমে স্থগিতাদেশের মাধ্যমে আটকে রাখে। বিষয়টি নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছার জন্য বলা হলেও তা সফল হয়নি। ফলে পদোন্নতি আটকে থাকার বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় এনবিআর। তবে পদোন্নতিবঞ্চিত সহকারী রাজস্ব কর্মকর্তারা মনে করেন, এনবিআরের শীর্ষ পর্যায়ে সদিচ্ছা থাকলে এ অচলাবস্থার সমাধান সম্ভব। তাদের অভিযোগ, ক্যাডার (উচ্চস্তরের) কর্মকর্তা নেয়া হচ্ছে অতিরিক্ত। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তুলনায় ক্যাডার কর্মকর্তা বেশি হওয়ায় রাজস্ব আদায়ের গতি বাড়ছে না। এদিকে পদোন্নতি না হলেও চলতি দায়িত্বে সার্কেল তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া যাবে বলে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। উপরন্তু আইন মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠানো হলেও মন্ত্রণালয় কিছু জানায়নি। ফলে এনবিআর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে। এদিকে পদোন্নতি না হওয়ায় অনেককেই অসন্তুষ্টি নিয়ে এ পদে থেকেই এলপিআরে যেতে হচ্ছে। এদিকে রাজস্ব কর্মকর্তার পদটি সম্পূর্ণ পদোন্নতিলব্ধ পদ হলেও এ পদে সরকার আলাদা করে লোক নেয়ার চিন্তা করছে বলে জানা গেছে। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আরও বড় হয়ে দেখা দিচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় নি। আলোচ্য সময়ে ২৫ হাজার ৪৪৬ কোটি টাকা শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৩ হাজার ৫৭০ কোটি টাকা। আর ২৮ হাজার ৮১৯ কোটি টাকা ভ্যাটের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ২৬ হাজার ৬৯২ কোটি টাকা। রাজস্ব আদায় বাড়াতে মাঠ প্রশাসনে পদোন্নতি ও তত্পরতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।