মতিঝিল অভিযান নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রেসনোট জারি করুন

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:০৮
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মতিঝিলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর হেফাজতের অনেক লাশ গুম করা হয়েছে-এমন গুজব ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেয়া হচ্ছে। এসব বিভ্রান্তি দূর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবিলম্বে প্রেসনোট জারি করা উচিত। তাহলে এ ধরনের গুজব ছড়ানোর সুযোগ থাকবে না। গতকাল মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হেফাজতের কর্মসূচি আর বিরোধী দলের আল্টিমেটাম একই সূত্রে গাঁথা। হেফাজতের কর্মীদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের একতাবদ্ধ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন খালেদা জিয়া। কিন্তু খালেদা জিয়ার আহ্বানে কেউ সাড়া দেয়নি। সুরঞ্জিত বলেন, বিএনপি সাংগঠনিকভাবে একটি অস্তিত্বহীন দল। কখনো জামায়াত, কখনো হেফাজতের কাঁধে ভর করে ক্ষমতায় যাবার উচ্চাভিলাষ দেখায় এই দলটি। বিএনপিকে সহিংসতা বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান সুরঞ্জিত। সংগঠনের সহ সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা প্রমুখ।