বিএনপির সন্ত্রাসীরাই পবিত্র কোরআন পুড়িয়েছে

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:০৮
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বলেছেন, গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ ও সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা তারা ছাড়া আর কেউ করতে পারে না। এরা ইসলামের শত্রু। যারা ধর্মীয় শান্তি চান তাদের বিএনপি-জামায়াতের সকল কর্মকাণ্ড রুখে দেয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, হেফাজতের সংগ্রাম দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার মতিঝিলের টিএন্ডটি কলোনির মাঠে ১৪ দলের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে, আরো কয়েকটি যুদ্ধাপরাধীর বিচার রায় ঘোষণার কাজ চলছে ঠিক তখনি একাত্তরের কায়দায় রাজাকার আলবদরের পরবর্তী প্রজন্ম তাণ্ডব শুরু করেছে। এ তাণ্ডব কোনো ব্যক্তি, দল ও সরকারের বিরুদ্ধে নয়। এটা দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। তারা নতুন করে লাশ ফেলার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মেয়েরা ইজ্জত নিয়ে কাজ করতে পারবে। আর সেদিন হেফাজতের নামে যারা ঢাকায় এসেছে তারা নারীদের ঘরে বন্দী করার দাবি নিয়ে এসেছে। হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচির সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, শাহাদাত্ বরণের কথা বলে মাত্র ১০ মিনিটের অভিযানে ঢাকা থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। শান্তিপূর্ণভাবে এ অভিযান পরিচালনার জন্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, সরকার পতনের সকল হিসেব-নিকেশ করে খালেদা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তার আল্টিমেটাম দেয়ার পরে হেফাজত এ পরিস্থিতি সৃষ্টি করেছে। হানিফ প্রশ্ন করে বলেন, হেফাজত যখন ভাঙচুর করে অগ্নিসংযোগ করছে কোন কারণে খালেদা বিবৃতি দিয়ে নেতাকর্মীদের হেফাজতের পাশে থাকার আহ্বান জানালেন এটা জাতি জানতে চায় স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম, কমিউনিষ্ট কেন্দ্রের ডা, অসিত বরণ রায় প্রমুখ।