দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান মাধ্যম চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ জট তীব্র আকার ধারণ করেছে। নানা দাবিতে বন্দরের পণ্য আনা-নেয়ার কাজে ব্যবহূত লাইটারেজ জাহাজ মালিকদের পক্ষকালব্যাপী ধর্মঘটে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। কন্টেইনারবাহী জাহাজগুলোর পাশাপাশি যেসব জাহাজ খোলা পণ্য পরিবহন করে সেগুলোরও খালাস কার্যক্রম অনিয়মিত হয়ে পড়েছে। ইতিমধ্যে বন্দরে আসা জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম শেষ না হওয়ায় সিঙ্গাপুর, শ্রীলংকার কলম্বো এবং মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে কন্টেইনারবাহী ফিডার জাহাজগুলো (ছোট জাহাজ) এদিকে আসছে না। ওইসব বিদেশি বন্দরে বাংলাদেশের আমদানিকারকদের পণ্য নিয়ে অলস বসে আছে অনেক মাদার ভেসেল (বড় আকারের জাহাজ)। আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন না হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শিল্প উত্পাদনে।
প্রসঙ্গত: ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক বৃহত্ বন্দর থেকে পণ্যবাহী মাদার ভেসেলগুলো সরাসরি চট্টগ্রাম বন্দরে আসতে পারে না। এসব জাহাজ সিঙ্গাপুর, কলম্বো এবং পোর্ট কেলাং-এ এসে ফিডার ভেসেলে পণ্য খালাস করে। সেগুলো চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। চট্টগ্রাম বন্দরের গভীরতা কম থাকায় আমদানিকারক এ ব্যবস্থা গ্রহণ করে থাকে। একই রকম পদ্ধতি ব্যবহার করতে হয় রপ্তানিকারকদের। এছাড়া চাল, ডালসহ নানা খোলা পণ্যবাহী জাহাজও চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। লাইটারেজ জাহাজে কিছু পণ্য খালাস করার পর কিছুটা হাল্কা হলেই কেবল সেগুলোকে বন্দরে নিয়ে আসা হয়।
বন্দর সূত্রের ভাষ্যমতে, বন্দরে পানির গভীরতা মাত্র সাড়ে ৮ থেকে ৯ মিটার। অনেক জাহাজ আবার জোয়ার-ভাটার কারণে বহির্নোঙ্গরে অপেক্ষা করে।
সামপ্রতিক লাইটারেজ জাহাজ শ্রমিক ধর্মঘট ও টানা হরতালের জের ধরে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। এ রকম পরিস্থিতিতে সিঙ্গাপুর ও চট্টগ্রামের মধ্যে ফিডার ভেসেলের স্বাভাবিক চলাচল নিয়েও সংশয় দেখা দিয়েছে। আমদানি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিঙ্গাপুর বন্দরে ইমপোর্ট কার্গো জট সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ‘আগে আমরা ৩৬ ঘণ্টায় কন্টেইনার খালাস করতাম, ৩৬ ঘণ্টার মধ্যে আবার কন্টেইনার লোড করা হত। কিন্তু এখন ৪৮ ঘণ্টা লাগছে খালাস করতেই।’ তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে অফডকওয়ালারা। পরিবহন ভাড়া বাড়ানোর জন্য তারা বন্দর কর্তৃপক্ষের সাথে আঁতাত করে ইয়ার্ড থেকে অফডকে কন্টেইনার স্থানান্তরে ধীরগতি অবলম্বন করছে। এ অশুভ আঁতাতের ফলে বন্দরও পাচ্ছে বর্ধিত হারে স্টোরেজ রেন্ট। এ অশুভ চক্রের প্রভাবে বন্দরে ফিডার জাহাজ চলাচলেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুরে ইমপোর্ট কার্গো জট বেড়ে যাওয়ায় সেখানকার জাহাজ মালিকরা চট্টগ্রামে জাহাজ পাঠানোর ক্ষেত্রে ধীরে চল নীতি অবলম্বনের চিন্তা করছেন।
এ ব্যাপারে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের ফিডার ভেসেল উপ-কমিটির সভাপতি ক্যাপ্টেন রফিক বলেন, লাইটারেজ শ্রমিক ধর্মঘট এবং টানা হরতালের কারণে এমনিতেই চট্টগ্রাম বন্দরের উত্পাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর যদি কোনো মহলের অশুভ তত্পরতায় বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড আরও ব্যাহত হয়, তাহলে শেষ পর্যন্ত এ ক্ষতির দায় বহন করতে হয় দেশের সাধারণ মানুষকে। যা মোটেই কাম্য নয়।
তবে চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. গোলাম সারোয়ার দাবি করেন, ‘বন্দরে ফিডার ভেসেল মুভমেন্ট স্বাভাবিক গতিতেই চলছে। তবে শিপিং এজেন্টরা কন্টেইনার ছাড়িয়ে নেয়ার ক্ষেত্রে বিলম্ব করায় খালি কন্টেইনারের চাপ বেড়েছে।’
এদিকে টানা প্রায় ১৫ দিনের অচলাবস্থার পর এবং গত ২১ এপ্রিল দিনভর দফায় দফায় বৈঠক শেষে চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। সরকারের পক্ষ থেকে সমতাভিত্তিক ৫০ শতাংশ হারে পণ্য পরিবহনে সুযোগ দেবার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিলো। সংশ্লিষ্টদের মতে, সরকারের আশ্বাস বাস্তবায়িত হলে শ্রমিকদের বর্ধিত ২০ শতাংশ ভাতা চলতি বছরের মাধ্যমে কার্যকর করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮৫ শতাংশ পণ্য পরিবহন করা হয়ে থাকে। যে পরিমাণ কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি করা হয় তার শতভাগ হয়ে থাকে বেসরকারি কন্টেইনার টার্মিনালের মাধ্যমে। আর আমদানি করা পণ্যভর্তি কন্টেইনারের ৮০ শতাংশই দেখভাল করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০১২ সালে এই বন্দর দিয়ে মোট ৬ লাখ ৪৫ হাজার টিউজ (টোয়েন্টি ফিট ইকুইভেলেন্ট ইউনিট) পরিমাণ পণ্য আমদানি হয়েছে। আর রপ্তানি হয়েছে ৪ লাখ ১১ হাজার টিউজ পরিমাণ পণ্য।
