চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে গাড়িতে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে রেলওয়ের তদন্ত কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন। ট্রেনটি পাহাড়তলি লোকোশেড থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে কদমতলি এলাকায় দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এসময় ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নাশকতার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে রেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মিঠু ও এহসান নামে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার তদন্তে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মিয়া জাহান এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে প্রধান করে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দায়িত্বে অবহেলার জন্য চট্টগ্রামের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মঞ্জুরুল আলম, জসিম উদ্দীন ও রায়হান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওসি জিআরপি মো. আহসান হাবিব ইত্তেফাককে জানান, নাশকতা সৃষ্টির জন্য ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আটক ব্যক্তিরা জামায়াত শিবির অথবা হেফাজতে ইসলামের কর্মী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মিজানুর রহমান জানান, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি সম্পূর্ণ ও তিনটি বগি আংশিক ভস্মীভূত হয়েছে। এক তদন্ত কমিটির প্রধান মো. রোকনুজ্জামান জানান, এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে।
জামায়াত শিবির জড়িত
গতকাল সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি দেখতে রেলসচিব ও রেলওয়ের মহাপরিচালককে সাথে নিয়ে চট্টগ্রাম আসেন রেলমন্ত্রী মুজিবল হক। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জামায়াত, শিবির ও হেফাজত কর্মীরা জড়িত। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামায়াত শিবির গত কিছুদিন ধরে দেশে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে যুক্ত হয়েছে হেফাজতে ইসলাম নামে সমপ্রতি গড়ে ওঠা একটি সংগঠন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার উস্কানিতে জামায়াত শিবির ও হেফাজত চক্র দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে। এ চক্রান্তের অংশ হিসাবে চট্টগ্রাম স্টেশনে ট্রেনে আগুন দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব কথা এখন প্রকাশ করছি না।
