অবশেষে আবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগ পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসিক গ্যাস সংযোগ দেয়ার অনুমতি দিয়েছেন। আবেদনের ক্রমিক অনুসারে এই সংযোগ দেয়া হবে। বিতরণ কোম্পানিগুলো তাদের বর্তমান নিয়ম অনুযায়ী আজ থেকেই নতুন সংযোগ দেয়ার কার্যক্রম শুরু করবেন। একই সাথে জরিমানা নিয়ে অবৈধ গ্রাহকদের সংযোগও বৈধ করা হবে।
প্রায় পাঁচ বছর পর নতুন করে আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। চার বছর ১১ মাস ১৬ দিন পর গতকাল মঙ্গলবার সরকার আবার নতুন করে গ্যাস সংযোগ দেয়ার অনুমতি দিল। প্রধানমন্ত্রীর দপ্তরে গ্যাস সংযোগ দেয়ার অনুমতি চেয়ে গত সপ্তাহে সারসংক্ষেপ পাঠানো হয়। জ্বালানি মন্ত্রী হিসেবে মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাসিক গ্রাহকদের সংযোগ দেয়ার অনুমতি দিয়েছেন। নতুন সংযোগের ফলে যে গ্যাসের চাহিদা বাড়বে সহজে সরবরাহ করতে পারবে বলে পেট্রোবাংলা জানিয়েছে।
বর্তমানে পাঁচটি বিতরণ কোম্পানির কাছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এক লাখ ১১ হাজার ৭৪৬টি নতুন সংযোগের জন্য আবেদন জমা আছে। এরমধ্যে আবাসিকের জন্য আবেদন জমা আছে এক লাখ ১০ হাজার ২৫২টি। বর্তমানে গ্যাসের মোট গ্রাহক আছে ২৩ লাখ ৭২ হাজার ৬৯টি। এরমধ্যে আবাসিক গ্রাহক ২৩ লাখ ৪৬ হাজার ৭৯৩টি।
গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকলেও প্রতিনিয়ত সংযোগ দিয়ে গেছে প্রায় সকল বিতরণ কোম্পানি। শুধু ২০১২-১৩ অর্থ বছরেই ১০ হাজার ৬৮৮টি সংযোগ দেয়া হয়েছে। এরমধ্যে আবাসিক সংযোগ দেয়া হয়েছে ১০ হাজার ৫৯১টি। আর ২০১১-১২ অর্থ বছরে সংযোগ দেয়া হয়েছিল ১৩ হাজার ১৪৫টি। যার মধ্যে আবাসিক গ্রাহকদের ১২ হাজার ৯৭৯টি।
গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে গ্যাস সংযোগ চেয়ে যে সারসংক্ষেপ পাঠানো হয় সেখানে বলা হয়, আবাসিক খাতে নতুন সংযোগ বন্ধ ঘোষণার সময় আবেদনকারী ছিলেন প্রায় এক লাখ ৪৮ হাজার। এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি নতুন সংযোগ দেয়া হয়েছে। ওই গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিলও জমা দিচ্ছেন। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এখন সংযোগ চালু করা হলে গ্রাহক সংখ্যা বাড়ার বার্ষিক হার অনুযায়ী প্রায় দেড় লাখ নতুন আবেদন পড়বে। সব মিলিয়ে প্রায় দুই লাখ গ্রাহককে নতুন সংযোগ দিতে হবে। এ জন্য প্রতিদিন বাড়তি গ্যাস লাগবে দুই কোটি ঘনফুট। তবে সংযোগ উন্মুক্ত করার সাথে সাথেই পুরো গ্যাস প্রয়োজন হবে না। বিতরণ কোম্পানিগুলোর দৈনিক নতুন সংযোগ দেয়ার ক্ষমতা ৩০০টির মতো। কাজেই হিসাবে উল্লি¬খিত সব গ্রাহককে সংযোগ দিতে প্রায় আড়াই বছর সময় লাগবে। গ্যাসের চাহিদাও বাড়বে পর্যায়ক্রমে। তাই বাড়তি চাহিদার কারণে গ্যাসের ওপর কোনো চাপ সৃষ্টি হবে না।
জ্বালানি সচিব মো. মোজাম্মেল হক খান ইত্তেফাককে বলেন, চাহিদাপত্রের ধারাবাহিকতা মেনে নতুন সংযোগ দেয়া হবে। অবৈধ সংযোগগুলোকে গ্যাস বিপণন আইন ২০০৪ এর আওতায় জরিমানা আদায় করে নিয়মিত করা হবে।
নতুন সংযোগ দেয়ার জন্য যে গ্যাস লাগবে তা খুব সামান্য। এছাড়া নতুন করে যাতে কোনো অবৈধ সংযোগ দেয়া না হয় সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদারকি কমিটি গঠন করা হবে।
২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেয়া বন্ধ ঘোষণা করা হয়। একটি বিশেষ কমিটি গঠন করে এত দিন শুধু শিল্পে কিছু সংযোগ দেয়া হয়েছে। কিন্তু আবাসিক গ্রাহকদের গ্যাস দেয়া হয়নি। যদিও অবৈধভাবে এই সময়ে প্রচুর গ্যাস সংযোগ দেয়া হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর গতকাল ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা গ্যাস সংযোগ দেব। যাদের আগে থেকে চাহিদাপত্র নেয়া আছে তাদের আগে সংযোগ দেয়া হবে। আর যারা অবৈধভাবে এরআগেই সংযোগ নিয়েছেন তাদের কাছ থেকে জরিমানা নেয়া অথবা অন্য কোন ব্যবস্থা নেয়া হবে।
গ্যাস সংযোগ বন্ধ হওয়ার সময় বলা হয়েছিল দৈনিক ২২০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন শুরু হলে আবাসিক গ্রাহকদের নতুন সংযোগ দেয়া হবে। গতবছর মাঝামাঝি সময়ে পেট্রোবাংলা দৈনিক ২২০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন করা শুরু করে। এরআগে দৈনিক গড়ে ১৭০ থেকে ১৯০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদন করা হতো। উত্পাদনের নির্দিষ্ট লক্ষ্য ছাড়ানোর পর পেট্রোবাংলা আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়ার জন্য জ্বালানি বিভাগে প্রস্তাব পাঠায়। কিন্তু সে প্রস্তাবে সাড়া দেয়নি জ্বালানি বিভাগ। প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম সরাসরি আবাসিক গ্যাস সংযোগ আপাতত দেয়া হবে না বলে জানান। তিনি সে সময় বলেন, গ্যাস নেই। তাই আবাসিক গ্রাহকদের নতুন করে সংযোগ দেয়া যাবে না। যে পরিমাণ গ্যাসের উত্পাদন বেড়েছে তাতে আবাসিকে দেয়া যাবে না। শিল্পকে অগ্রাধিকার দিয়ে সংযোগ দেয়া হচ্ছে।
বর্তমানে মোট উত্পাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় আবাসিকে। যার পরিমাণ দৈনিক ২৪ কোটি ৪৮ লাখ ঘনফুট।
