আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতেই সিটি নির্বাচন

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:১৪
সিটি করপোরেশনের নির্বাচন দিয়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে চায় সরকার। চার সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর চলতি মাসেই ঢাকার দুই সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হচ্ছে। এক বছর ধরে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে দায়েরকৃত রিটটি শুনানির অপেক্ষায় পড়ে থাকলেও হঠাত্ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকালের মধ্যেই হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তি করবে। এ পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এই চার সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে। কিন্তু সরকার মেয়াদ শেষের প্রায় ৪ মাস আগেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল রাজশাহীর মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের মেয়র শওকত হোসেন হিরন ও সিলেটের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান কমিশনে এসে আপত্তি জানিয়েছেন। কেননা নির্বাচনে অংশ নিতে এখনই তাদেরকে মেয়রের পদ ছাড়তে হচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩৪ ধারার ১ (খ) উপ-ধারা অনুসারে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচনের বিধান রয়েছে। ফলে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে চার সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোন বাধা নেই। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তাগাদার কারণে আগাম নির্বাচন করতে হচ্ছে কমিশনকে। আইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। এর আগে ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কয়েকদফা নির্বাচনের উদ্যোগ নিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাধার কারণে বিগত কমিশন তা করতে পারেনি। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশনে এসে নির্বাচনের তফসিল ঘোষণা না করার অনুরোধ করেছিলেন। ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর আইনগত বাধ্যবাধকতার কারণে বর্তমান নির্বাচন কমিশন গত বছরের ৯ এপ্রিল দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী গত বছরের ২৪ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ যথাযথভাবে না হওয়ার অভিযোগে হাইকোর্টে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়ে যায়। সেই সময়ে সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এমনকি এটর্নি জেনারেল কার্যালয়ও এতোদিন এই রিট নিয়ে নিশ্চুপ ছিল। কিন্তু গত মাসে হঠাত্ করে দৃশ্যপট পাল্টে যায়। এটর্নি জেনারেল অফিস মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে। আজ বুধবার মামলার রায়ের দিন ধার্য আছে। হরতালের কারণে আজ যদি রায় ঘোষিত না হয় আগামী সপ্তাহের মধ্যে রায় ঘোষিত হবে বলে এটর্নি জেনারেল অফিস থেকে ধারণা পাওয়া গেছে। এদিকে নির্বাচন কমিশনও ঢাকার দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের নীতি নির্ধারকরা মনে করেন, বিরোধী দল এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীর বিভিন্ন ইস্যুতে রমজানের আগেই ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে নির্বাচনকে অস্ত্র হিসাবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে চার সিটি করপোরেশনে স্থানীয় বিএনপির নেতারা নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাতেও নাগরিক কমিটির ব্যানারে বিএনপি সমর্থিতরা নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের ঢেউ রাজপথের আন্দোলনের গতিকে থামিয়ে দেবে বলে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন। তবে নির্বাচন কমিশন দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে বাধাগ্রস্ত না করার জন্য আগেভাগেই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হচ্ছে।