রাতে ঘুমন্ত কর্মীদের উপর গুলি গণতন্ত্র, নির্বাচন ও সংবিধানের সহায়ক নয়

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:১৪
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, রাতের আঁধারে শান্তিপূর্ণভাবে অবস্থানরত হেফাজতে ইসলামের ঘুমন্ত কর্মীদের ওপর যেভাবে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়েছে তা নজিরবিহীন। দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতন্ত্র, পরবর্তী নির্বাচন ও সংবিধানের জন্য সহায়ক নয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশের ‘নির্বিচার গুলিবর্ষণের’ নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য দেশবাসীর সামনে উপস্থাপনের দাবি জানান এরশাদ। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম সরকারের অনুমতি নিয়েই শাপলা চত্বরে সমাবেশ করেছিল। সমাবেশস্থলের বাইরে যে ঘটনা ঘটেছে এর দায়িত্ব হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দেয়া যাবে না। যারা অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। পরিস্থিতি সামাল দিতে সরকার ও সংশ্লিষ্ট সকল মহলকে সহনশীলতার পরিচয় দিতে হবে। জাপার পৃথক এক বিবৃতিতে জানানো হয়, সাভারের ‘রানা প্লাজা’ ধসে আহত ৯ জন শ্রমিকের আজীবন ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন এরশাদ। ৯ জন শ্রমিকের প্রত্যেককে মাসে পাঁচ হাজার টাকা করে দেবেন তিনি। তারা বর্তমানে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাদের বেশিরভাগেরই গ্রামের বাড়ি উত্তরাঞ্চলে। এরশাদ গতকাল মঙ্গলবার ঐ হাসপাতালে গিয়ে প্রথম মাসের অনুদানের অর্থ হস্তান্তর করেন।