আজ ও কাল ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ০৭ মে ২০১৩, ২৩:১৫
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে বিএপির এ হরতাল টানা নয়। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং কাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি পালন করবে বিরোধী দলীয় জোট। হেফাজতে ইসলামের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচালিত গণহত্যা ও নিরস্ত্র নিরীহ আলেমদের উপর গুলি চালানোর প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। গত সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে সিনিয়র নেতা ও ১৮ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে হরতালের কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে হেফাজত এ হরতাল আহ্বান করেছে। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলনে হরতালের এই কর্মসূচি ঘোষণা করে হেফাজত। গত রবিবার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজত কর্মীদের সাঁড়াশি অভিযানে তুলে নেয়ার পর এটাই সংগঠনটির প্রথম কর্মসূচি।