বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্ম-জয়ন্তী পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী (৮, ৯ ও ১০ মে) নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ১০টায় কাছারি বাড়ি চত্বরের রবীন্দ্র অডিটোরিয়ামে আজ বুধবার প্রথমদিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, রায়গঞ্জের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার, উল্লাপাড়ার সংসদ সদস্য শফিকুল ইসলাম, কাজিপুরের সংসদ সদস্য তানভীর শাকিল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক।
দ্বিতীয়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চিকিত্সা গবেষণা পরিষদের পরিচালক ডাঃ হাবিবে মিল্লাত এবং তৃতীয়দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। তিন দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে প্রতিদিন আলোচনা সভা ও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে আগত বিশিষ্ট নৃত্য শিল্পী সোহেল-শখ-এর নেতৃত্বে শ্যামানৃত্য, জাতীয় ও স্থানীয় রবীন্দ্র শিল্পীদের মনোজ্ঞ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হবে। এ ছাড়াও রবীন্দ্র জন্ম-জয়ন্তী পালন উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, এই অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
