নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত বিজিবি সদস্য লাভলু হোসাইন গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার তার মরদেহ গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুঁড়ি ইউনিয়নের শালঝোড় পৌঁছালে দাফনের প্রক্রিয়া সম্পাদনের কথা রয়েছে।
লাভলুর মৃত্যুর খবর প্রত্যন্ত সীমান্তবর্তী শালঝোড় গ্রামে পৌঁছালে স্বজনদের শোকের মাতম শুরু হয় । ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জানান, আড়াই বছর আগে বিজিবি’র সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন লাভলু।
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জিয়াউল হক খালেদ জানান, আজ সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে লাভলু’র মরদেহ ঢাকা থেকে শালঝোড় গ্রামে এসে পৌঁছলে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।
