অর্থ বছরের প্রথম দশ মাস

রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৩৭০০ কোটি টাকা

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:১৪
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা থেকে ৩ হাজার ৭০১ কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই হারে আদায় বাড়তে থাকলে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে মনে করে খোদ এনবিআর। এর আগে গত তিন অর্থবছরে লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হয়েছিল রাজস্ব আহরণের দায়িত্বে থাকা এই সংস্থা। অবশ্য গত অর্থবছরের তুলনায় গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর সূত্রে জানা গেছে, মূলত আমদানি কমে যাওয়া ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কাঙ্ক্ষিত মাত্রায় অর্জন করতে ব্যর্থতার কারণে রাজস্ব আদায়ে ঘাটতির মূল কারণ। সেই সাথে মিথ্যা মূল্য ঘোষণা ধরতে ব্যর্থতা ও কর্মকর্তাদের যোগসাজশে ফাঁকি দেয়ার ফলে কাঙ্ক্ষিত রাজস্ব সরকারের ঘরে আসছে না বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। রাজস্ব আদায়ের তিনটি খাতের মধ্যে আয়কর আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছে। এই সময়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে আমদানি শুল্ক আদায়। গত ১০ মাসে এ খাতে ২১ শতাংশ লক্ষ্যমাত্রার স্থলে আদায় বেড়েছে মাত্র ৫ দশমিক ৮১ শতাংশ। ভ্যাট আদায়ও বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। এই অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার কাছে বকেয়া রাজস্ব (ডেফার্ড পেমেন্ট) চেয়ে বার বার তাগাদা দিচ্ছে এনবিআর। সাড়া না পেয়ে সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে এটি সমাধানের উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। এনবিআর মনে করে বাংলাদেশ পেট্রোলিয়াম কপোরেশনসহ (বিপিসি) সরকারি বিভিন্ন সংস্থার কাছে বকেয়া রাজস্ব চলতি অর্থবছরের বাদবাকি সময়ের মধ্যে আদায় করা সম্ভব হলে ঘাটতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। এনবিআরের হিসাবে বিপিসি’র কাছে ৩৫৫ কোটি টাকা এবং বিভিন্ন সংস্থার কাছে আরো ৩৮ কোটি টাকা এবং স্থানীয় পর্যায়ে আরো প্রায় ১ হাজার কোটি টাকা ভ্যাটসহ মোট ১ হাজার ৩৯৩ কোটি টাকার রাজস্ব পাওনা রয়েছে। এই অর্থ আদায় হলে রাজস্বের লক্ষ্যমাত্রার ঘাটতি বছর শেষ নাগাদ ২ হাজার কোটিতে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আাাদায়ের লক্ষ্যমাত্রা চলতি বছরের লক্ষ্যমাত্রার উপর ২১ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের আদায়ের উপর প্রকৃত লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ ছাড়িয়ে যাবে জানিয়ে এনবিআর বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করার অনুরোধ জানিয়েছে। অন্যথায় এ লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না বলে বিভিন্ন ফোরামে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন জানিয়েছেন। এ নিয়ে অর্থ বিভাগের সাথে ঠাণ্ডা লড়াইও ছিল। তবে অর্থমন্ত্রী সম্প্রতি এনবিআরের কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক এক সভায় সাফ জানিয়ে দিয়েছেন, লক্ষ্যমাত্রা কমছে না। তিনি মনে করেন, আদায় প্রক্রিয়া গতিশীল করা গেলে এবং ফাঁকি বন্ধ ও বিদ্যমান বাধা অপসারণ করা গেলে আলোচ্য লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব।