অতল জলের পানে

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:১৭
বাংলা গানের সুরের শেকড়ের সন্ধানে ছুটে চলছেন তারা। এই গানের দলের অন্যতম সদস্যর হলেন রাহুল আনন্দ। তিনি লিরিসিস্ট, সুরকার ও গায়ক, বাঁশি, তারাবান, দোতরা বাজান। গায়কের পাশাপাশি রাহুলের আরেক পরিচয় হচ্ছে অভিনেতা। একই সাথে তিনি মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় দাপুটে অভিনেতা হিসেবেই সমাদৃত। পাশাপাশি আবহ সংগীতও পরিচালনা করছেন। আরেক সদস্য কনক আদিত্য ব্যান্ডের লিরিসিস্ট, সুরকার, গায়ক এবং ব্যাঞ্জো ও দোতারা বাজিয়ে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শিক্ষাজীবন শেষে এখন ব্যান্ডের বাইরে চারুশিল্পী এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। শফিউল ইসলাম জার্নাল ব্যান্ডের সাইড ভোকাল, কম্পোজার এবং পারকেশন বাজিয়ে থাকেন। এর পাশাপাশি তিনি ফিল্ম মেকার এবং মঞ্চ অভিনেতা হিসেবে পরিচিত। রানা সরোয়ার ব্যান্ডের পারকিউশন গিটার এবং পিয়ানো বাজান। একই সাথে বিভিন্ন চ্যানেলের লাইভ প্রোগ্রামে অনলাইন এডিটিংয়ের দায়িত্ব পালন করেন। শরিফুল ইসলাম ব্যান্ডের ভায়োলিন বাজান। এর পাশাপাশি ভায়োলিন শিক্ষক এবং মঞ্চ অভিনেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। সঞ্জয় ডাবল বেজ যে বিশাল যন্ত্রটি বাজান। এবিএস জেম হচ্ছেন গিটার বাদক এবং গায়ক। এর বাইরে তিনি অভিনয় শিল্পী হিসেবে পরিচিত। ফয়জুল কবির চৌধুরী মিঠু ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত। সম্প্রতি বাজারে আসে এই গানের দলের নতুন অ্যালবাম ‘অতল জলের গান’। অ্যালবামের গানগুলো হলো—‘পাতার গান’, ‘দূরে থাকা’, ‘বৃষ্টির গান’, ‘কাগজের নৌকা’, ‘বকুল ফুল’, ‘আয়না’, ‘ঝরাপাতার গান’, ‘উড়ছি কেন’, ‘রঙের গান’, ‘এমন যদি হতো’ এবং ‘বাউলা বাতাস-১’। ব্যান্ড শুরু গল্প জানতে চাইলে রাহুল আনন্দ বলেন, ‘আমি ও কনক চারুকলায় পড়তাম। সেখানে দু’জনে গানবাজনা করতাম। সেখান থেকেই ব্যান্ড করার ইচ্ছা। জলের গান নামে ২০০৬ সালে ব্যান্ড করি। পরে অনেকেই আমাদের সাথে এসেছে। আবার অনেকে চলেও গেছে। আমাদের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশ হয় জলের গানের ব্যানারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কনসেপ্ট নিজেদের গান নিজেরাই করি। নিজেরাই বাজারজাত করি। কারও ধার করা জিনিস নিই না। কনসেপ্টের জায়গা থেকেই নিজেরা ইনস্ট্রুমেন্ট তৈরি করার চেষ্টা করি। কিন্তু ইনস্ট্রুমেন্ট বানানো। সামনে ইচ্ছা আছে আরও কিছু বানানোর। সময়ের সাথে সাথে ভাবনা চেঞ্জও হয় গতিপথ চেঞ্জ হয়। আমাদেরও হয়তো হবে।’ অ্যালবাম রিলিজ নিয়ে মুখ খুললেন এবার কনক আদিত্য। তিনি বলেন, ‘অডিও ব্যবসায় ঢুকব, জানি না কী করতে হয়। আমরা শ্রোতাদের কাছে গান দিতে চেয়েছি। ব্যবসায়িক ভাবে এটা বাজারজাত করতে চাই না। ওয়েবসাইটে গান রাখা আছে সবই ফ্রি ডাউনলোড করা যাবে। সবার কাছে গান যেন পৌঁছে যাবে। অ্যালবামের মূল্য ৩৫ টাকা। ‘যাত্রা’ ও ‘দেশাল’-এ শুধু পাওয়া যায়। স্টেজে উঠলে ৫০টির মতো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি আমরা যেমন—তারা মণি, চন্দ্রবান, নয়ন তারা/রেগুলার বাজে পারকেশন, সেতার বেশির ভাগ নিজেদের বানানো।’ গানের ভাবনা কথা উঠতেই উত্তর দিতে মুখ খুললেন জেম। তার ভাষ্যে, ‘আমাদের কাছে গানটা রঙতুলির মতো। ফিক্সড ভাবনা নেই। যখন যেমন মন চায় তেমনি আঁকি। নিজের কথা, নিজেদের গাওয়া প্রবাদ, নস্টালজিয়া, সবমিলিয়ে একটা ছবি আঁকা।’ বর্তমান ব্যস্ততা নিয়ে জার্নাল বলেন, ‘গানের দল যেহেতু পারফর্মেন্স করছি। অ্যালবামের চেয়ে পারফর্মেন্সকে বেশি প্রাধান্য দিই। আমরা গান গাই মানুষের জন্য। পরে অ্যালবাম হয়।’ এবার রাহুল বললেন আরও কিছু বিষয় নিয়ে। তিনি বলেন, ‘আমাদের এই গানের দলের আরও কিছু পরিকল্পনা আছে। মাঠে মাঠে গিয়ে মানুষকে গান শোনাতে থাকব।’ আপনাদের গান তো ফ্রি ডাউন লোড করা যায়? পাইরেসির সময় এটা কেন? এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘ফ্রি ভালোবাসার মতো। মূল জায়গা থেকে সহজে গান তৈরি করি, আবার সেই গানই ফ্রি দিই এই প্রজন্মের শিল্পী তৈরি করতে।’ কনক আদিত্য বলেন, ‘ইনস্ট্রুমেন্ট বানানোর উদ্দেশ্য সহজে সব জায়গায় বাজানো যায়। মেলোডিয়ান গান, দেশাত্ববোধক গান গাই।’ গান করতে গিয়ে স্মরণীয় ঘটনার কথা বলেন রাহুল আনন্দ। তিনি বলেন, ‘খুলনা ভার্সিটিতে সেই প্রথম দিকে সেখানে শোতে দর্শকরা আমাদের সাথে গান গাইছে। অর্থাত্ তারা আমাদের গানের সাথে পরিচিত। অবাক হই। আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাথে অনেক পারফর্মেন্স করেছি।’ তিনি আরও বলেন, ‘২০০৬ সালে স্কটল্যান্ডে একটি সুফি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করি। সেখানে বাংলাদেশের কিছু আধ্যাত্মিক গান পরিবেশন করেছি।’ এসব আধ্যাত্মিক গানের ভেতর ছিল লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহ আব্দুল করিমসহ আরও কয়েকজনের গান। ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে কনক আদিত্য বলেন, ‘গান নিয়ে আমরা থাকতে চাই। মানুষের কাছে গানের মাধ্যমেই বেঁচে থাকতে চাই।’ ব্যান্ড সদস্যরা হলেন— রাহুল আনন্দ, কনক আদিত্য, সাইফুল জার্নাল, শরিফুল ইসলাম, এবিএস জেম, সঞ্জয়, রানা সারোয়ার, শ্যামল কর্মকার, ফজলুল কাদের চৌধুরী মিঠু