বলিউড

সম্ভাবনার পথ ধরে এগিয়ে

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:১৮
দুই-আড়াই বছর আগে যখন বলিউডে পদচারণা শুরু করেন তখন সবাই তাকে প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন (চাচাতো বোন) হিসেবে চিনত। কিন্তু এখন আর তাকে প্রিয়াঙ্কার রেফারেন্স টানতে হয় না। এখন পরিণীতি চোপড়া আপন পরিচিতিতেই উজ্জ্বল। অভিনীতি মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে তার। একটি ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ আরেকটি ‘ইশাকজাদে’। প্রথমটিতে তিন নায়িকার একজন আর দ্বিতীয়টিতে একক নায়িকা। পরিণীতির সৌভাগ্য অভিনীত দুটি ছবিতে বেশ ভালো সুযোগ পেয়েছেন। নতুন মুখের অভিনেত্রী হিসেবে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারও করতে পেরেছেন তিনি। ফলে দর্শক সমালোচক সবার প্রশংসা ও ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি ছবির বক্স অফিস সাফল্য পরিণীতিকে বলিউডে জনপ্রিয় নায়িকাদের কাতারে নিয়ে এসেছে। এখন নতুন প্রজন্মের সম্ভাবনাময় নায়িকাদের কথা আলোচিত হলে পরিণীতির নামটি খুব সহজেই চলে আসছে। প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন পর বলিউডের প্রেস্টিজিয়াস ব্যানার ইয়াশরাজ ফিল্মসের নতুন ছবি ‘গুণ্ডে’র প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন রণবীর সিং এবং অর্জুন কাপুরের বিপরীতে। বলিউডে বেশ ভালো অবস্থানে থাকলেও দীর্ঘদিন ধরে ইয়াশরাজ ফিল্মসের ছবিতে অভিনয়ে ডাক পাচ্ছিলেন না প্রিয়াঙ্কা। এবার ‘গুণ্ডে’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয়ে সুযোগ লাভের পেছনে নাকি তার ছোট বোন (চাচাতো বোন) পরিণীতির সুপারিশ বিশেষ ভূমিকা রেখেছে—তেমন একটি খবর কয়েকদিন আগে বেশ চাউর হয়েছে। প্রিয়াঙ্কা তার চেয়ে বয়সে এবং বলিউডে ক্যারিয়ারের ক্ষেত্রে সিনিয়র। পরিণীতির সুপারিশে প্রিয়াঙ্কা ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তেমন খবর অনেকের কাছে বিশ্বাসযোগ্য কিংবা গ্রহণযোগ্য না হলেও প্রকৃত বাস্তবতা হলো, বলিউডের সেরা ব্যানার হিসেবে পরিচিত ইয়াশরাজ ফিল্মসের আবিষ্কার পরিণীতির এই প্রতিষ্ঠানের সবার সঙ্গে রয়েছে ঘনিষ্ঠতা। এই ব্যানারে ‘গুণ্ডে’ ছবিতে প্রিয়াঙ্কাকে কাস্ট করার ব্যাপারে পরিণীতি নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছেন। প্রিয়াঙ্কা তার চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। পরিণীতির মনে কোনো ঈর্ষাবোধ নেই। ‘প্রিয়াঙ্কা আমার বড় বোন, তাকে আমি ভীষণ ভালোবাসি, তার অভিনয়ও বেশ পছন্দ আমার, আমি তাকে নকল করি না কোনোভাবেই, আমি আমার নিজস্ব স্টাইলে কাজ করতে চাই, এভাবেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছুতে চাই, প্রিয়াংকার সঙ্গে আমার তুলনা করতে চায় অনেকেই, এটা মোটেও ভালো লাগে না আমার, প্রিয়াঙ্কা কোথায় আর আমি কোথায়? এ নিয়ে মনে কোনো কমপ্লেক্স নেই আমার। ছোটবোন হিসেবে প্রিয়াঙ্কাও আমাকে স্নেহ করেন’, পরিণীতি বলেন। অভিনয়ে আসার আগে পরিণীতি চোপড়া ইয়াশরাজ ফিল্মসে একজন এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। এর আগে ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার আশায় পড়তে গিয়েছিলেন ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলে ফিন্যান্স, বিজনেস ও ইকনোমিক্সে অনার্স ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে আসেন। সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল না মনে। দেখতে সুন্দরী হলেও বেশ স্থূলকায়া ছিলেন। কিন্তু একসময় পরিণীতির মধ্যে যথেষ্ট সম্ভাবনা আবিষ্কার করেন ইয়াশরাজ ফিল্মসের কর্তাব্যক্তিরা। তারা ‘লেডিস ভার্সেস রিকি বাহল’-এ তাকে কাস্ট করেন। এ ছবিতে একজন অন্যতম নায়িকা চরিত্রে কাস্ট হওয়ার পর পরিণীতি নানা কসরত করে শরীরের ওজন কমিয়ে আনেন। প্রথম অভিনীত ছবিতে তিনি বিপুল সংখ্যক দর্শকের নজর কাড়েন। ‘লেডিস ভার্সেস রিকি বাহ্ল’ ছবিতে অভিনয়ের জন্য বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে চিহ্নিত হয়েছিলেন পরিণীতি চোপড়া। ‘ইশাকজাদে’ ছবিতে তার অভিনীত চরিত্রটি ছিল এক জেদি, তেজি স্বভাবের মুসলিম তরুণীর। যে একসময়ে প্রেমে জড়িয়ে পড়ে ভিন্নধর্মের এক যুবকের সঙ্গে। তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারে না উভয়ের পরিবার। বিবাদমান দুই পরিবারের মধ্যে উত্তেজনা, নাটকীয়তা ক্রমেই বাড়তে থাকে। বিয়োগান্তক পরিণতির এ ছবিতে পরিণীতির অনবদ্য অভিনয়ের মাধ্যমে তার অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। ‘ইশাকজাদে’র সাফল্য তাকে বলিউডে আরও অনেকটা এগিয়ে দিয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য বলিউডের প্রায় সবগুলো অ্যাওয়ার্ডই সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন পরিণীতি। ২০১২-এর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জুরিদের বিশেষ বিবেচনায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি ‘ইশাকজাদে’ ছবিতে অভিনয়ের জন্য। যা বলিউডের অনেককে রীতিমতো চমক দিয়েছে। অভিনয়ে আসার পর এত কম সময়ের মধ্যে কোনো নবাগতা নায়িকা বাণিজ্যিক ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ বলিউডে সচরাচর ঘটে না। এ ক্ষেত্রে পরিণীতি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার লাভ তাকে আগের চেয়ে আরও বেশি সিরিয়াস করেছে অভিনয়ে। পরিণীতি চোপড়ার ফিল্মি ক্যারিয়ার এতদিন তার আবিষ্কারক ইয়াশরাজ ফিল্মসের ছবিতেই সীমাবদ্ধ ছিল। তবে এখন অন্য প্রযোজকের ছবিতেও কাজ করছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ছবি হলো—‘হাসি তো ফাঁসি’। বলিউডের দুই মেধাবী ও গুণী নির্মাতা করণ জোহর ও অনুরাগ কাশ্যপের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। এ ছবিতে অভিনয়ের জন্য পরিণীতি আরও স্লিম হচ্ছেন। এ ছবির নির্মাতাদের নির্দেশে তিনি আগের চেয়ে শরীরের ওজন কমাচ্ছেন—তেমন খবরের প্রেক্ষিতে পরিণীতি বলেছেন ‘হাসি তো ফাঁসি’ ছবির নির্মাতাদের কথায় নয় আমি নিজে থেকেই স্লিম হচ্ছি যাতে আগামীতে ছবিতে আমাকে সুন্দর দেখায়।’ এ ছবিতে অভিনয়ের জন্য পরিণীতি নিজেকে অনেকটা বদলে ফেলেছেন হালে। একেবারে চুপচাপ হয়ে গেছেন। প্রয়োজন ছাড়া কোথাও যাচ্ছেন না। কোনো পার্টিতে উপস্থিত হচ্ছেন না। তার বন্ধু-বান্ধবরাও ডেকে পাচ্ছেন না তাকে। এর পেছনে কারণ হলো, করণ জোহর-অনুরাগ কাশ্যপের ছবি ‘হাসি তো ফাঁসি’। ত্রিভুজ প্রেমের’ ছবিটিতে পরিণীতি অভিনয় করছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত নতুন নায়ক সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এ ছবিতে আরও একজন নায়িকা আছেন। তিনি ‘১৯২০’ খ্যাত অভিনেত্রী আদা মর্মা। পরিণীতি ও আদা এ ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। পরিণীতি চোপড়া এ ছাড়াও ইয়াশরাজ ফিল্মসের নাম ঠিক না হওয়া একটি ছবিতে এবং ‘কিল দিল’ নামের আরেকটি ছবিতে অভিনয় করছেন বর্তমানে। এ ছবিগুলোতে তার নায়ক সুশান্ত সিংরাজপুত এবং আলী জাফর। সব মিলিয়ে নতুন প্রজন্মের এগিয়ে চলা নির্ভরযোগ্য অভিনেত্রীদের কাতারে বেশ ভালো অবস্থানে রয়েছৈন তিনি। এ বছরেই তার অভিনীত নির্মাণাধীন ছবিগুলোর কাজ প্রায় শেষ হয়ে যাবে। আগামী বছরে মুক্তি পাবে পরিণীতির নতুন ছবিগুলো। ততদিনে তার হাতে আরও অনেক ছবি চলে আসবে। নতুন প্রজন্মের নায়িকাদের অগ্রযাত্রায় সামিল হয়েছেন ২৪ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।