তারকাগল্প

অভিনয়ের বিন্দু

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:২০
শুরু থেকেই অভিনয় করছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে আবার গড়েছেন, এর মাধ্যমেই চরিত্রের সঠিক তত্ত্ব তুলে ধরেছেন দর্শকদের সামনে। সৌন্দর্য এবং মেধা গতিতে নিজের সাফল্যের পথে ছুটছেন সমান গতিতে। মিডিয়া পাড়ার এই মিষ্টি অভিনেত্রী দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে রূপের দ্যুতি ছড়িয়ে। বলছিলাম মেধাবী অভিনয়শিল্পী বিন্দুর কথা। বাদামের টুকরি গলায় ঝুলিয়ে ‘এই বাদাম চিনা বাদাম’ বলে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতে, কখনও বাসের কন্ট্রাকটর হয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে আবার কখনোবা ট্রাকের ড্রাইভার হয়ে ঘুরে বেড়ানোর মতো অদ্ভুত ইচ্ছেও ছিল বিন্দুর ছেলেবেলায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইচ্ছেগুলোর রঙও বদলাতে শুরু করে। শৈশবের দুরন্তপনার কথা মনে করিয়ে দিতেই বিন্দু হেসে বলেন, ‘আমার ছেলেবেলার ইচ্ছেগুলো ছিল অনেকটাই অদ্ভুত। বড় হয়েও ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার কথা কখনও ভাবিনি আর শোবিজে কাজ করার কথা তো কল্পনাও করিনি কখনও। নিজের এলোমেলো স্বপ্নের জন্য বাবা-মা কোনোদিন বকা দিয়েছেন বলে মনে পড়ে না। আমি সব সময় তাদের ভালোবাসা ও স্নেহের প্রশ্রয় পেয়ে এসেছি।’ বাবা আফসার আলী ও মা রওশন আরার ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। এক মেয়ে এক ছেলের মধ্যে বিন্দু-ই প্রথম। কিন্তু বিন্দু কি আর ডাক্তার-ইঞ্জিনিয়ারের ধার ধারেন। ছোট ভাই আপনের সাথে ঝগড়াঝাটি আর দুরন্তপনা করেই কাটিয়ে দিতেন বেলা। বিন্দুর ছোটবেলার ডানপিটে স্বভাবের স্মৃতি আজও রয়ে গেছে তার কপালের কাটা দাগে। তার মুখের দিকে তাকালেই চোখে পড়ে কপালের বড় একটা কাটাদাগ। কপালে কীসের দাগ? অন্তত কোটিবার এই প্রশ্নটি শুনেছেন। ভাঙা টেপ রেকর্ডারের মতোই বিন্দুর ঝটপট মুখস্থ উত্তর, ‘ছোটবেলায় অনেক দুষ্টুমি করতাম তো, এটা তারই চিহ্ন।’ এটা তো মাত্র একটা চিহ্ন। বিন্দু জানালেন, শৈশবে-কৈশোরে দুরন্তপনার শাস্তি হিসেবে কপালে ১১টি, ঠোঁটে ৫টি, দুই হাতে প্রায় ১৫টি সেলাই নিতে হয়েছে তাকে। তার দুই হাঁটুই মচকানো। সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে গিয়ে একবার তো চারতলা গড়িয়ে নিচেই পড়ে গিয়েছিলেন! জীবন নিয়ে শেষমেশ টানাটানির মতো অবস্থা! শোবিজের প্রতি বিন্দুর তেমন একটা আগ্রহ ছিল না। প্রয়াত নায়ক সালমান শাহ’কে তার খুব ভালো লাগত। তার ছবি-নাটক দেখতে দেখতেই মিডিয়ার প্রতি আকর্ষণ তৈরি হয়। তবে এই আকর্ষণটা তৈরির পেছনে বাবা-মায়ের অবদানও কম নয়। এ প্রসঙ্গে বিন্দু বললেন, ‘আমার বাবা একসময় মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে কাজ করতেন। বাবাই প্রথম লাক্স-চ্যানেল আই সুপারস্টারে আমাকে অংশ নিতে বলেন। এন্ট্রির একদম শেষ সময়ে মা আমাকে রেজিস্ট্রেশন করান। আমি আসলে বাবা-মায়ের অনুপ্রেরণায় আজ এ পর্যায়ে আসতে পেরেছি।’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার পর তার অভিষেক হয় মিডিয়ায়। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে প্রথম অভিনয় করেন বিন্দু। এই চলচ্চিত্রটির পর বিন্দু অভিনীত ২টি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটো হলো খিজির হায়াত্ পরিচালিত ‘জাগো’ ও পিএ কাজল পরিচালিত ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’। অভিনয় করছেন সোহেল আরমান পরিচালিত ‘এই তো প্রেম’ ছবিতে। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিতে ‘মাধবী’ চরিত্রে অভিনয় করছেন বিন্দু। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শাকিব খান। তবে ইদানীং চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তার তৈরি হয়েছে অনীহা। এ প্রসঙ্গে বিন্দু বললেন, ‘আমাকে দিয়ে চলচ্চিত্র অভিনয় হবে না। বলতে কোনো দ্বিধা নেই, চলচ্চিত্র থেকে এক ধরনের আস্থা হারিয়েই ঘরের মেয়ে আবার ঘরে ফিরে এসেছি। ‘এই তো প্রেম’ ছবিটি হয়তো আমার বড় পর্দার শেষ কাজ। তবে ভালো চরিত্র আর গল্প পেলে দু’একটি ছবিতে অভিনয়ের কথা ভাবতেও পারি।’ অন্যদিকে বিজ্ঞাপনেও সাফল্যের দেখা পেয়েছেন এই অভিনেত্রী। শুরুর দিকে বাংলালিংকের বিজ্ঞাপনের মডেল হয়ে মডেলিংয়েও তৈরি করেন নতুন এক ক্রেজ। তারপর একে একে লাক্স, একটেল, ফিনলে চাসহ অনেকগুলো বিজ্ঞাপন চিত্রের মডেল হন তিনি। ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে অভিনয়ের পর থেকেই একের পর এক কাজের অফার বিন্দুর পিছু নেয়। কিন্তু তার পক্ষে তখন এতোটা সময় দেওয়া সম্ভব হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী বিন্দু পড়ালেখা শেষ করার জন্য সময় নেন। চলতে থাকেন ধীরে ধীরে। অনেক বড় বড় নির্মাতাকেও এ সময় বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে পরীক্ষার পরপরই পুরো দমে তিনি কাজ শুরু করেন। প্রথম থেকে এখন অবধি একঘণ্টার নাটককেই বেশি প্রাধান্য দিয়েছেন বিন্দু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মূলত আমার পড়াশোনাকে প্রাধান্য দিতে গিয়েই শুরুতে ধারাবাহিক নাটকে সময় দিইনি। এখন পড়াশোনার চাপ কমার পর একঘণ্টার নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও কাজ করছি। তবে এ কথা সত্যি, ধারাবাহিক নাটকের চেয়ে একঘণ্টার নাটকে কাজ করে আমি বেশি তৃপ্ত হই।’ ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। তাই ঈদের নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রায় প্রতিদিনই থাকছে শুটিং। এরই মধ্যে ঈদের ডজন খানেক নাটকে অভিনয় করে ফেলেছেন। বিন্দুর সমসাময়িক অনেকেই এরই মধ্যে বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। বিন্দু দেরি করছেন কেন? এমন প্রশ্নের উত্তরে বিন্দু বললেন, ‘আমি এখনই বিয়ের ব্যাপারে ভাবছি না। যতটুকু ভাবছে তার পুরোটাই আমার পরিবার। বাবা-মা’র পছন্দের ওপর রয়েছে আমার দৃঢ় বিশ্বাস। তবে আরও কিছু দিন একা থাকার আনন্দটা উপভোগ করে যেতে চাই।’