সংস্কৃতি অঙ্গনের প্রতি ছোটবেলা থেকেই ছিল তার দুর্বার আকর্ষণ। এম মোতাহার হোসেনের অভিনয়ের সাথে যুক্ত হওয়ার গল্পটা অন্য সবার মতো নয়। তার ভাষ্যে, ‘খুব ছোটবেলার কথা। গ্রামের দুষ্ট ছেলে হিসেবে আমার বদনাম ছিল খুব বেশি। সেটি ৮০’র দশকের শেষের দিকের কথা। সিনেমা দেখার খুব শখ ছিল, এ নিয়ে শিক্ষক বাবার হাতে অনেক মার খেতে হয়েছিল। স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিসি সাহেবের আগমন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে একটি শিক্ষামূলক নাটিকাও উপস্থাপনের জন্য ক্রীড়া শিক্ষক নীখিল বাবুর তত্ত্বাবধানে একটি বিশেষ চরিত্রের জন্য নির্বাচিত করা হয় আমাকে। নাটকটিতে আমার অভিনয়ে খুশি হয়ে ডিসি সাহেব বুকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ। অনুষ্ঠান স্থলে ১০০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলেছিলেন পড়ালেখার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবে ভবিষ্যতে। সে প্রেরণা থেকেই পথ চলা শুরু। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় অসংখ্য নাটকে অংশ নিয়েছি। মঞ্চে প্রথম নান্দনিক নাট্য সম্প্রদায়, বহুবচন থিয়েটার, বর্তমানে নাট্য সংগঠন নাট্যালয়ের সাধারণ সম্পাদক হয়ে নিয়মিত মঞ্চে অভিনয়ের চেষ্টা করে যাচ্ছি। মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকের রাজকবিরাজ চরিত্রের মাধ্যমে দর্শকদের মাঝে কিছুটা হলেও সাড়া জাগাতে পেরেছি বলে মনে হয়। বিটিভির একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় করি মাঝেমধ্যেই। নাটক প্রচার হলে ভক্তদের ফোনে অভিনয়ের সাফল্য ব্যর্থতা শুনলে ভালো অভিনয়ের আরও প্রেরণা পাই। পেশাগত জীবনে আমি একজন সরকারি চাকরিজীবী। পারিবারিক ও কর্মজীবনের পাশাপাশি যেটুকু সময় পাই মঞ্চ ও টিভি নাটক নিয়ে ব্যস্ত থাকতে চেষ্টা করি। ভালো কোনো চরিত্রের সন্ধান পেলে চরিত্রের গভীরে ঢোকার চেষ্টাও করি সাধ্যমতো। স্ক্রিপ্ট পড়ে অভিনয়েই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। জীবনকে উপভোগ করি অভিনয়ের মাধ্যমে।’ তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—এক খণ্ডের ‘স্যাটেলাইট ম্যারেজ’, ‘লজিং মাস্টার’, ‘সামছু বাবুর্চির ইজ্জত’, ‘মায়াবী ছায়াতলে’ প্রভৃতি। আর ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে—‘চৈতা পাগল’, ‘ললনা’, ‘কফি হাউজ’ প্রভৃতি। খুব শিগগিরই প্রচার শুরু হবে ধারাবাহিক নাটক ‘সোর্স’। অভিনয় শিখতে মঞ্চের সাথে যুক্ত হন ’৮৮ সালে। প্রথমে নান্দনিক নাট্য সম্প্রদায়। এরপর বহুবচন। বর্তমানে নাট্যালয় সংগঠনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। নিজের অভিনীত চরিত্রগুলো সম্পর্কে বলতে গিয়ে এম মোতাহার বলেন, ‘গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন মাত্রার চরিত্রের প্রতি আমি সব সময়ই দুর্বল।’ তিনি আরও বলেন, ‘ভালো একজন অভিনেতা সমাজের দর্পন। খুব ইচ্ছা, নতুন কোনো চরিত্রের মাধ্যমে দর্শকদের মাঝে হাজির হওয়া। কথা চলছে বেশ ক’জন ভালো নির্মাতাপরিচালকের সাথে। সময় ও সুযোগ পেলে হয়তো কাজে লেগে যাব। সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। যিনি একাধারে একজন শিক্ষানুরাগী, বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জেলার একজন শ্রেষ্ঠ শিক্ষক। অভিনয়কে উপভোগ করি অন্য রকম এক শিল্প হিসেবে। যেখানে নেই কোনো হিংসা, হানাহানী বা নোংরামী। অভিনয় করতে এসে ভালো-মন্দ অনেক কিছুই দেখি। যতটা সম্ভব ভালোটাকে নেওয়ার চেষ্টা করি। মন্দকে সবিনয়ে এড়িয়ে চলি। অভিনয়কে আমি সত্যিই অসম্ভব ভালোবাসি। যেটুকুই এসেছি অনেক কষ্ট করেই এখানে এসেছি। বিখ্যাত অভিনেতা হতে হবে এমন আশাও কখনও পোষণ করি না।’ ইতোমধ্যে তিনি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। বর্তমানে নার্গিস আকতারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে অভিনয় করছেন। যা মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
