‘তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো, তুমি আমার জলে স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো।’ শিল্পকলার আঙ্গিনায় এমন দৃপ্ত উচ্চারণে বারবার উজ্জীবিত হয়েছেন সমবেতরা। গত ১ মে ও ২ মে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চারকের দুই দিনের আবৃত্তি উত্সব।
‘কবিতায় ফুটে উঠুক শাশ্বত শান্তির মুক্ত উচ্চারণ’ এই স্লোগানে উচ্চারকের ১০ বছর পূর্তিতে এই উত্সবের আয়োজন করা হয়। উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ বিজ্ঞানি ড. অনুপম সেন বলেছেন, ‘দেশজুড়ে এখন চলছে সংঘাত, হানাহানি, মারামারি। চারদিকে অশান্তির দাবানলের অগ্নস্ফূিলিঙ্গ উত্তাপ ছড়াচ্ছে। শান্তি প্রিয় মানুষ রাজনৈতিক অস্থিরতার এই অসময়ে একটু শান্তি চাই। আমরা মনে করি শান্তির এই অনন্য আঙিনা হলো সাংস্কৃতিক অঙ্গন। বর্তমান সময়ের রাজনৈতিক এই অস্থিরতা নিরসনে সংস্কৃতি একটি বড় নিয়ামক শক্তি। তাই দিন শেষে আলোর ফোয়ারা নিতে আমাদেরকে কবিতার আঙিনায়, সংস্কৃতি অনুশীলনে লেখালেখির অঙ্গনে আসতে হয়।’
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত আবৃত্তি উত্সব উদ্বোধন করেন বরেণ্য কবি হেলাল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য রণজিত্ রক্ষিত, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, বরেণ্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারশেনর নির্বাহী সদস্য সাইফুল আলম বাবু, আবৃত্তি সমন্বয় পরিষদের আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, মাগুরা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু প্রমুখ।
ড. অনুপম সেন বলেন, ‘কবিতা কিংবা আবৃত্তি মানুষের মনোবৃত্তিকে বিকশিত করে। মানুষের মানসিকতা যখন রুদ্ধ হয়ে যায়, চিন্তা-চেতনা যখন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, চেতনার পরিধি যখন সংকীর্ণতার আষ্টেপৃষ্ঠে আবদ্ধ হয়ে যায়—তখন কবিতা, গান, আবৃত্তি ও এ জাতীয় সাংস্কৃতিক অনুষঙ্গ দিয়েই শাণিত করতে হয় বিবেককে। বৃদ্ধি করতে হয় নিজের চিন্তার পরিধিকে। উচ্চারকের এই কবিতা আবৃত্তি উত্সব আমাদের মধ্যে এই জাগরণ সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
সংগঠনের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্সবের প্রথম ও দ্বিতীয় দিনে আবৃত্তি করেন বরেণ্য আবৃত্তি আহকাম উল্লাহ, শিল্পী মাহিদুল ইসলাম, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, মাহতাব সুমন, রাশেদ হাসান, খান মাজহারুল হক লিপু, মাসুম আজিজুল বাসার, দেবাশিষ রুদ্র, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, মোহিত বিশ্বাস, এ এস এম এরফান, ঝর্ণা আলমগীর, শারমিন মৃত্তিকা, কণা দাশ, মৌসুমী চক্রবর্তী, পার্থ সারথী রায়, ইয়াসমিন আক্তার, মাশরুবা শারমিন ক্রান্তিসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন আবৃত্তি শিল্পী।
উত্সবে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাথী দাশ, এজাজ ইউসুফী, কামরুল হাসান বাদল, সেলিনা শেলী, হোসাইন কবির, আকতার হোসাইন, বিজন মজুমদার।
