দিনাজপুর
দু’শর অধিক নৃত্য শিল্পীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো নৃত্য উত্সব। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গত ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নৃত্য উত্সবের আয়োজন করে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা-দিনাজপুর। সাভার ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উত্সবে সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর নৃত্য উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক রওনক আরা নিপা। এ ছাড়া দিনাজপুর নৃত্য শিল্পী সংস্থার আহ্বায়ক নীপা শেঠও বক্তব্য রাখেন। দু’শর অধিক শিল্পীর অংশগ্রহণে সমবেত নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করা হয়। এর মাঝখানে রওনক আরা নীপা, নীপা শেঠ ও পল্লব সরকার যৌথ নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া দলগত নাচ পরিবেশন করেন দিনাজপুরের আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, নৃত্যবিতান, নবরূপী, জেলা শিল্পকলা একাডেমী, ভৈরবী, সুইহারী সংগীত নিকেতন, উদীচী, তাথৈ, অগ্নিলা নৃত্য নিকেতন এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্য শিল্পীগণ। তারা একে একে ৫৫টি নৃত্য পরিবেশন করেন।
