ইতালির জেনোয়া বন্দরে মঙ্গলবার একটি নিয়ন্ত্রণ টাওয়ারের সাথে জাহাজের ধাক্কায় অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছে। জানা যায়, জলি নিরো নামে কনটেইনার জাহাজের সাথে টাওয়ারের ধাক্কা খাওয়ার পর টাওয়ারটির একটি অংশ ভেঙ্গে পানিতে পড়ে যায়। দুর্ঘটনার সময় টাওয়ারে প্রায় ১০জন ছিল। চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বাকীদের কয়েকজন পানিতে পড়ে যায়, কেউ টাওয়ারের ভেতরেই আটকে পড়ে। দুর্ঘটনার রাতেই লোকজনকে খোঁজা শুরু হয়। মনুষ্য অথবা কারিগরি ভুলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এখন পর্যন্ত তা নিশ্চিত করা যায়নি। জাহাজের মালিক বলেন, আমরা স্তম্ভিত। এর আগে আর কখনো এমনটা ঘটেনি। ঘটনার শিকার এক ব্যক্তি জানায়, এতে এক নারী (৩০) ও দুজন পুরুষ মারা গেছে। এ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
