হাটহাজারীতে নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:৩৩
‘আল্লাহ তুমি আমাকে কেন এমন শাস্তি দিলে! এখন আমার মেয়ের লেখাপড়ার কি হবে? আর সংসার চলবে কিভাবে? তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও’— এসব কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বুকফাটা আহাজারি করতে থাকেন চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীদের ইটের আঘাতে নিহত সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সার্জেন্ট সাইদুর রহমানের স্ত্রী রুমা আক্তার (৩০)। বাবার অকাল মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে একমাত্র মেয়ে শিখা রহমান ওরফে সাথী (১০)। সেও বাবাকে ফিরিয়ে দেয়ার আকুতি করছে আল্লাহর কাছে। বৃদ্ধ মা ছারভান নেছাও ছেলের মৃত্যুশোকে নির্বাক হয়ে গেছেন। নিহত সেনা সার্জেন্ট সাইদুর রহমানের লাশ গতকাল বুধবার সকালে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার হরিচরণ গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারে চলছে শোকের মাতম। নিহত সার্জেন্ট সাইদুর রহমান চট্টগ্রাম সেনানিবাসের অধীনে সেনাবাহিনীর এফ, আই, ইউ-৫৭৫ (ফিল্ড ইন্টেলিজেন্ট ইউনিট) শাখায় একজন গোয়েন্দা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার বিকেলে হাটহাজারী মেডিক্যাল গেটে হেফাজতে ইসলামের কর্মীরা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তিনি দায়িত্ব পালন করতে গেলে (তথ্য সংগ্রহ) হেফাজতে ইসলামের কর্মীরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। এ ঘটনার পর পুলিশ গুলি ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে তাকে উদ্ধারের পর মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান। গতকাল সকাল ৮টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত সাইদুর রহমান হরিচরণ গ্রামের মৃত সেলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মেয়ে শিখা রহমান চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করছে।