সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এ বিষয়ে উভয় দেশ একসঙ্গে কাজ করার ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লেভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক যৌথ বিবৃতিতে এই কথা জানান। গত জুনে জেনেভাতে অ্যাকশন গ্রুপ ফর সিরিয়ার মিটিংয়ের পর রুশ-মার্কিন সমঝোতার এই উল্লেখযোগ্য অগ্রগতি ঘটলো।এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তারা চেষ্টা করবেন সিরিয়ায় বিবদমান সরকারি বাহিনী ও বিরোধীদের উভয় পক্ষকেই এক টেবিলে বসাতে। এছাড়া ‘গত দু’বছরের চেয়ে সিরিয়া বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক এখন অনেক উন্নতি ঘটেছে বলেও জানান তিনি। জন কেরি বলেন, ‘আমি আশা করি বর্তমানে আমরা উভয় দেশ একটি ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারলে আমরা এই সমস্যার মূল উদঘাটনে কিছুটা হলেও সক্ষম হবো ।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দায়িত্ব নেয়ার পর প্রথম রাশিয়া সফরে এসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত্ করেন। এসময় তিনি বলেছিলেন, সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কিছু কমন স্বার্থ আছে। এর মধ্যে ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম। এদিকে সিরিয়ায় ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এর ফলে বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেট ট্রাফিকিংয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। গুগল জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গুগলের মুখপাত্র ক্রিস্টিন চেন বলেন, ‘সিরিয়ায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটলো। এর আগে ২০১২ সালের নভেম্বরে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। আরব বসন্তের সময়ও মিশরে এই ধরনের ঘটনা ঘটে।’ তবে ইন্টারনেটের সংযোগ কিভাবে বন্ধ হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইন্টারনেট বিশেষজ্ঞদের ধারণা, সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করে দেয়ার সম্ভাবনাই বেশি। প্রসঙ্গত, সহিংসতাপূর্ণ কিছু অঞ্চলে বেশ কিছুদিন আগে থেকেই টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দেশটির সরকার।
