হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিয়ে ঢাকা অবরোধ করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়ার বকুলতলার জুবায়ের আহমেদ (২২)। মাধবদীর দরগাবাড়ী কওমি মাদ্রাসার ছাত্র জুবায়ের মাদ্রাসার অন্য ছাত্র ও শিক্ষককের সাথে ঢাকা অবরোধের উদ্দেশে ৪ মে বিকালে তার বাবাকে মোবাইল ফোনে জানায়, আমি সমাবেশে যাবো। আমার জন্য দোয়া করবেন। বাবা ছেলের কথায় সায় দিয়ে বলেন, তুমি সাবধানে থেকো। কারণ অনেক সময় এ সব সমাবেশে গণ্ডগোল হয়। বাবার সাথে ছেলের এই শেষ কথা। ৫ মে রাতে ঢাকায় আইন-শৃংখলা বাহিনীর গুলিতে নিহত হয় জুবায়ের। কিন্তু এ খবর বাড়িতে কেউই জানতো না। জুবায়েরের বাবা আব্দুল বাছেদ ৬ মে ভোরে ফজরের নামাজ পড়ার মুহূর্তে একটি মাইক্রোবাস তার বাড়ির পার্শ্বের মাদ্রাসার সামনে এসে থামে। অজু করার সময় দুটি ছেলে এসে জানায় জুবায়ের কি আপনার ছেলে? আমি হ্যাঁ বললে তারা বলে আপনার ছেলে শহীদ হয়েছে। আমি দেখতে পাই গাড়িতে আমার ছেলের নিথর দেহ পড়ে আছে। তার মাথায় গুলি লেগেছে। এরপর লাশ নামিয়ে দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয় মাদ্রাসায় নামাজে জানাজা শেষে নরসিংদীর কাউরিয়াপাড়া গোরস্থানে জুবায়েরের লাশ দাফন করা হয়। এ ব্যাপারে হেফাজতে ইসলামের কোন নেতা, মাধবদী দরগাবাড়ী মাদ্রাসার কোন কর্মকর্তাসহ কেউই তার পরিবারকে সামান্যতম সান্ত্বনা দিতেও আসেনি। জুবায়েরের বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের মৃত্যুর জন্য আমি কাউকে দোষারোপ করি না। তিনি জানান, তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে জুবায়েরই ছোট।
