গল্প নয় সত্যি

রাগের বশে!

আপডেট : ০৮ মে ২০১৩, ২০:৩৭
আর দশটা দিনের মতোই ঘুম থেকে উঠে বাড়ির সবার খোঁজ করছিলেন পোল্যান্ডের চেশ্ল কামিনস্কি। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সবাইকে ডাকাডাকি করেও কারও সাড়া না পেয়ে খানিকটা বিরক্ত বোধ করছিলেন কামিনস্কি। এরই মাঝে তার চোখ পড়ল মাথার কাছে রাখা একটা চিরকুটে। চিরকুটখানা পড়ে চেশ্ল যা আবিষ্কার করলেন তাহলো, তার স্ত্রী আর সন্তানেরা তার ঘুম থেকে উঠতে দেরি দেখে নিজেরাই চলে গেছেন স্থানীয় একটা পার্কে বনভোজন করবেন বলে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পরও ঘুম থেকে না ওঠার কারণেই চেশ্ল’র স্ত্রী ও সন্তানেরা কাছের একটা পার্কে এভাবে বেড়াতে চলে গিয়েছিলেন। বিষয়টা হয়তো অতটা গুরুতর কিছু ছিল না। কিন্তু দীর্ঘদিন থেকেই স্ত্রীর সাথে শীতল সম্পর্ক বয়ে বেড়ানো চেশ্ল’র কাছে এ বিষয়টিই বড় হয়ে দেখা দিল। রাগের মাথায় সাথে সাথেই ফোন করে স্ত্রী ও সন্তানদের বাড়িতে ফিরতে বললেন চেশ্ল। সেই সাথে এটিও জানিয়ে দিলেন যে এখনই বাড়িতে না ফিরলে এর পরিণতি হবে ভয়াবহ। তবে সে সময় বাড়ি থেকে অনেকটা পথ চলে যাওয়ায় হুট করে ফেরা সম্ভব ছিল না স্ত্রী গেজিয়ানার। তাই চেশ্ল’র হুমকিতে মাথা গরম না করে পরে বাড়িতে এসেই পুরো বিষয়টা বুঝিয়ে বলবেন বলে ভেবেছিলেন তিনি। যদিও এরই মাঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে গোটা বাড়িটাকেই আগুনে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চেশ্ল। দুটি গ্যাস সিলিন্ডারের সহায়তাই বাড়ির বেজমেন্টে আগুন ধরাতেও উদ্যত হন তিনি। তবে বিধিবাম! বাড়িটাকে ধ্বংস করার পাশাপাশি এই আগুন মারাত্মকভাবে আহত করে চেশ্লকেও। দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় বিশেষায়িত একটি হাসপাতালে যেখানে এখনো অচেতন অবস্থাতেই দিন কাটাতে হচ্ছে চেশ্লকে। সবমিলিয়ে রাগের মাথায় করা কোনো কাজ যে কারও কারও জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটা এবার হাড়ে হাড়েই টের পাচ্ছেন ৬৯ বছর বয়সী এই পোলিশ নাগরিক।