সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে গতকাল আরো ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ১৫তম দিনে উদ্ধার করা মৃতদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এর মধ্যে ৬১৩ জনের মৃতদেহ সনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে গতকাল বুধবার জানানো হয়, বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড মর্গে রাখা হয়েছে ৯৩টি লাশ। আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে ৭৯টি লাশ। অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয়েছে ২২টি মৃতদেহ। এছাড়া দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে মোট ২ হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন ১০৭ জন। এ ছাড়া সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২১৪ জন এবং সেখানাকার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ৭৪ জন চিকিত্সাধীন রয়েছেন।
এদিকে গতকাল দুপুরে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৪৪টি লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে যান সেনাবাহিনীর সদস্যরা। একই সাথে নিখোঁজদের স্বজনদের ডিএনএ টেস্টের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুইটি গাড়িতে করে স্বজনদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজদের স্বজনরা যাতে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা লাশ সনাক্ত করতে পারেন সে কারণে এ ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। এর আগে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর ৬টার আগে পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়।
অপর দিকে রানা প্লাজা ধসের ১৫তম দিনেও শত শত নিখোঁজ অভিযোগ করে তাদের স্বজনরা রানা প্লাজার সামনেসহ আশপাশের হাসপাতালগুলোতে ভিড় করছে। স্বজনরা প্রিয় মানুষটিকে জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুনছেন। স্বজনরা এখন প্রিয় মানুষটির জন্য ক্লান্তিহীন সময় পার করছেন। লাশ উদ্ধারের খবর পেলেই অপেক্ষারত স্বজনরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। গতকাল বৃষ্টির কারণে নিখোঁজদের স্বজনরা চরম বিপাকে পড়েন। শত শত মানুষের বৃষ্টি থেকে নিরাপদে দাঁড়াবার একটু জায়গা মেলেনি। বৃষ্টিতে ভিজেই তারা নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষা করেছেন। তবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছিল এসব মানুষের জন্য। স্বেচ্ছাসেবী সংগঠন তাঁবু টানিয়ে নিরাপদ স্থান তৈরি করেছিল। সেটাও ছিল অপ্রতুল। তারা রানা প্লাজা, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বিভিন্ন হাসপাতালে ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছে। একই সাথে সরবরাহ করেছে খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রীসহ প্রয়োজনী পণ্য দ্রব্য।
গতকাল বিকালে উদ্ধারকর্মীরা জানান, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। ফলে লাশ সনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বৃষ্টিতে আটকে থাকা মৃতদেহ আরো নষ্ট হয়ে যাবে বলেও আশঙ্কা করনে বেশ কয়েকজন উদ্ধারকর্মী।
তবে উদ্ধার কার্যক্রম আরো গতিশীল করতে গতকাল নতুন কয়েকটি এস্কাভেটর ও ট্রাক যোগ করা হয়েছে। একই সাথে দক্ষ আরো বেশ কয়েকজন উদ্ধারকর্মীও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। উদ্ধারকর্মীরা আশা করছেন, আগামী ৭/৮ দিনের মধ্যে ধ্বংসস্তূপ সরানোসহ মৃতদেহ উদ্ধারের কাজ সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার আলী আহম্মদ খান জানান, উদ্ধার কাজ শেষ হতে আরো এক সপ্তাহ লাগতে পারে। ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ইউসুফ হারুন জানিয়েছেন, পুরো উদ্যোমে চলছে ধ্বংসস্তূপের উদ্ধার কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত লাশ পাওয়া যাবে ততক্ষণই এ উদ্ধার অভিযান চালানো হবে। তবে আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, যত দ্রুত সম্ভব লাশ উদ্ধারের চেষ্টা করছে উদ্ধার কর্মীরা। উদ্ধার কার্যক্রম দ্রুত বেগে চলছে বলেও তিনি জানান।
সনাক্ত না হওয়া লাশ স্বজনদের সনাক্তের জন্য সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত রাখার পর সনাক্ত না হলে বিকালে ডিএনএ টেস্টের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হচ্ছে।
