আবার শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫১
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায় ঘোষণাকে সামনে রেখে আবারও শাহবাগে টানা অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই গণজাগরণ মঞ্চের কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় গণসংঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে কর্মীরা। এ প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ইত্তেফাককে বলেন, যুদ্ধাপরাধের যে কোনো রায় ঘোষণার আগের দিন থেকেই চব্বিশ ঘণ্টার টানা অবস্থানে থাকবে গণজাগরণ মঞ্চ, এমন ঘোষণা আমরা আগেই দিয়েছিলাম। সে লক্ষ্যেই এ অবস্থান নেয়া হয়েছে। তিনি বলেন, অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে তা নির্ভর করছে রায়ের উপর। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, নারী নির্যাতনসহ সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কামারুজ্জামান। আশা করছি, রায়ে জনতার প্রত্যাশার প্রতিফলন ঘটবে। উল্লেখ্য, গত ৫ মে দিবাগত রাতে শাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙ্গে দিয়েছিল পুলিশ।