জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। কামারুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণসহ মানবতাবিরোধী সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে কামারুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বলে অভিহিত করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তারা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ কারণে তারা কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছেন। আজ সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন এবং বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারক শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন। গতকাল বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্যের কথা জানান। এদিকে গতকালই তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের এটি চতুর্থ রায়। এর আগে গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর বহিষ্কৃত রুকন পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাঈদী ও বাচ্চুর মৃত্যুদণ্ড ও কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
গতকাল সকালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। বিষয়টি উভয়পক্ষের আইনজীবীদের জানাতে বলেন তিনি। গত ১৬ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় যেকোন দিন ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ইত্তেফাককে বলেন, আমরা যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি তাতে আসামির সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিত। তবে ৪২ বছর আগে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। অনেক সাক্ষী ঘটনার তারিখ সুনির্দিষ্ট করে বলতে পারেননি। আর এ মামলার বিচার হচ্ছে ৪২ বছর পর। তাই এতে সাক্ষীদের বর্ণনায় অনেক সময় গরমিল থাকতে পারে। তবে এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যে কামারুজ্জামানের বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের’ অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এ অপরাধে তার শাস্তি হওয়া উচিত।
তবে এ মামলায় যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছিলেন, রাজনৈতিক কারণেই কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগেই তাকে শাস্তি দেয়া যায় না।
