মামলার ভয়ে আত্মগোপনে হেফাজতের অনেক নেতা

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৩
হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আপাতত অহিংস ও আধ্যাত্মিক কর্মসূচি চালিয়ে যাবেন। তবে বায়তুল মোকাররম ও মতিঝিল শাপলা চত্বরের সহিংস ঘটনার পর দিশেহারা হেফাজত নেতা-কর্মীরা আবার ঘুরে দাঁড়াবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন একাধিক নেতৃবৃন্দ। হেফাজত নেতারা দাবি করছেন, গত রবিবারের ঘটনায় তাদের সহস্রাধিক কর্মী-সমর্থক নিখোঁজ হয়েছে। প্রত্যেক জেলা কমিটিকে নিখোঁজদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এদিকে মামলার ভয়ে হেফাজতের অনেক দায়িত্বশীল কর্মকর্তা আত্মগোপন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব আশরাফ আলী নিজামপুরী গতকাল ইত্তেফাককে বলেছেন, ঈমান রক্ষার তাগিদে ১৩ দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইজহার বিন হারুন বলেছেন, ‘সরকার সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। সহস্রাধিক হেফাজত কর্মী-সমর্থক নিখোঁজ রয়েছে।’ হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব ইত্তেফাককে বলেন, হেফাজতে ইসলাম গণহত্যার বিরুদ্ধে পাল্টা সহিংস কর্মসূচি দেবে না। সরকার হেফাজতের ওপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তা পৈশাচিক ও জঘন্য। তিনি বলেন, হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবির ব্যাপারে অবিচল থেকে ঈমানী দায়িত্ব পালন করে যাবে। হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়, ঢাকায় তাদের ওপর নির্বিচারে হামলা ও গণহত্যায় তারা হতবিহ্বল হয়ে পড়েছেন। সাধারণ নিরীহ আলেম-ওলামা মাশায়েখের ওপর এ ধরনের পৈশাচিক হামলা চালানো হবে—তা তারা কল্পনাও করতে পারেননি বলে নেতৃবৃন্দ জানান। রাজনৈতিক কোন অভিলাষ ও কূটকৌশল জানা না থাকায় তারা ঘটনার শিকার হয়েছেন বলে মনে করছেন তারা। হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অভিযোগ করেন, মতিঝিলে সমাবেশের অনুমতি দিয়ে এনে কৌশলে জঘন্যতম হত্যাকাণ্ড চালানো হয়েছে। না হয় সমাবেশের অনুমতি দেয়ার পরও সমাবেশস্থলে আসার পথে নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা করে নির্মমভাবে ১৬ জনকে হত্যা করা হয়েছে। তাই সমাবেশ শুরুর পর এই হত্যাযজ্ঞের সংবাদ সমাবেশে পৌঁছার পর উত্তেজনা দেখা দেয়া স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টগণ মনে করেন। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নাম-পরিচয় প্রকাশের শর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। হেফাজত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ, রসুল (সা.) ও ইসলামের আকিদাই যেখানে তাদের মূল লক্ষ্য ও চেতনা সেখানে কোরআন শরীফ পোড়ানোর অপবাদ তাদের ওপর চাপানো হচ্ছে। নেতৃবৃন্দের বক্তব্য হচ্ছে, হেফাজতের কর্মী-সমর্থকরা নিরস্ত্র অবস্থায় ঢাকায় গেছে। অথচ বলা হচ্ছে বড় বড় গাছ করাত দিয়ে তারা কেটে ফেলেছে। বায়তুল মোকাররম এলাকায় ঘটনার সাথে মতিঝিল চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। হেফাজত নেতৃবৃন্দ মনে করেন, তারা অপপ্রচারের শিকার হচ্ছেন। হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে, মতিঝিল চত্বর থেকে তাদের সরিয়ে দিতে আলো বন্ধ করে অন্ধকারে যৌথ অভিযান চালানোর উদ্দেশ্য কী? জানা যায়, হেফাজতের কিছুসংখ্যক নেতা আবার তাদের সমর্থক কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে। রবিবার হরতাল ও পরবর্তী সময়ে আরো কিছু কর্মসূচি ঘোষণা করা হবে। তাছাড়া শুক্রবার জুমার নামাজের পর নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া কর্মসূচি রয়েছে।