হরতাল-অবরোধসহ সরকারবিরোধী কর্মসূচিতে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার দেশের ৬৪ জেলা প্রশাসক ও পুুলিশ সুপার সংশ্লি¬ষ্ট জেলার মাদ্রাসা শিক্ষকদের ডেকে বৈঠক করেছেন।
ওই বৈঠকে মাদ্রাসা শিক্ষকদের জানিয়ে দেয় হয়, তারা সরকারের কর্মচারী এবং সরকারবিরোধী কোনো কাজে তাদের অংশগ্রহণ শৃংখলা পরিপন্থি কাজ। এরকম কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে চাকরিচ্যুতিসহ যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়ে দেয়া হয় শিক্ষকদের। একইসঙ্গে শিক্ষার্থীদেরকেও যেন এ ধরনের কাজ থেকে বিরত রাখা হয় সে বিষয়েও দিকনির্দেশনা দেয়া হয়েছে। একাধিক জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ কথা স্বীকার করেছেন। জানতে চাইলে যশোর জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান ইত্তেফাককে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করে বলেন, তারা শুধু সরকারি কর্মচারী হিসাবে কি পারেন আর না পারেন সেটি স্মরণ করিয়ে দিয়েছেন। কোমলমতি শিক্ষার্থীদের যাতে বিভ্রান্ত করে হঠকারী কর্মসূচিতে ব্যবহার করা না হয় সেদিকেও শিক্ষকদের নজর রাখতে বলা হয়েছে। সূত্র জানায়, সমপ্রতি বিভাগীয় কমিশনারদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও স্বরাষ্ট্র সচিবের অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল জেলা প্রশাসক একইদিনে এ বৈঠকের আয়োজন করেন। বিভাগীয় কমিশনারদের নির্দেশনা অনুযায়ী ডিসির পাশাপাশি এসপিকেও রাখা হয় এ বৈঠকে।
জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে শিক্ষকদের বলে দেয়া হয়েছে, তারা কোন ধরনের ফৌজদারি অপরাধ বা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে তাত্ক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একাধিক জেলা প্রশাসক নাম প্রকাশ না করে বলেন, দেশের সকল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়। কিন্তু মাদ্রাসা শিক্ষকরা সরকারবিরোধী নানা কর্মে জড়িত হচ্ছেন, শিক্ষার্থীদের সেসব কাজে লাগাচ্ছেন এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন জেনেও আওয়ামী লীগ দলীয় পরিচালনা কমিটি কিছুই বলছে না। কারণ হিসাবে জেলা প্রশাসকদের অভিমত এরকম যে, কোথাও টাকার হিসাব, কোথাও রয়েছে ভোটের হিসাব। ফলে তারা কিছুই বলছেন না বা করছেন না। ডিসিদের মতে বিষয়টির সঙ্গে আইনের প্রশ্ন জড়িত থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া প্রশাসনের পক্ষে এ বিষয়ে কিছু করা সম্ভব হবে না।
উল্লে¬খ্য, বিধান অনুযায়ী শিক্ষকরা কোন অপরাধ করলে বা কাউকে অপরাধে উদ্বুদ্ধ করলে পরিচালনা কমিটি চাকরিচ্যুতিসহ যে কোন ধরনের শাস্তি দিতে পারে। পরিচালনা কমিটির বাইরে একমাত্র আদালত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর ফৌজদারি অপরাধ করলে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারে।
