মতিঝিলের শাপলা চত্বরে ৬ মে মধ্যরাতে ‘শত শত’ নিরস্ত্র হেফাজতে ইসলামের কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে উল্লেখ করে মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রির পর গত ৪২ বছরে ঢাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি। গত মঙ্গলবার অধিকারের এক বিবৃতিতে বলা হয় গুলি, রাবারে ঢাকা স্টীলের বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের হামলা চালিয়ে নির্বিচারে নিরস্ত্র হেফাজত কর্মী ও নেতাদের হত্যা করা হয়েছে। এ সময় তাদের অনেকেই দিনব্যাপী কর্মসূচি শেষে ঘুমাচ্ছিলেন। হামলায় পুলিশ, র্যাব ও বিজিবির ১০ হাজার সদস্যের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররাও অংশ নেয়। বিবৃতিতে বলা হয়, হামলার আগেই মিডিয়াকর্মীদের সরিয়ে দেয়া হয়। এরপর অন্ধকারের মধ্যে নিরস্ত্র জনতার ওপর হামলা চালানো হয়। এটা অবধারিত যে অভিযানের বর্বরতা এবং হতাহতের সংখ্যা লুকানোর জন্যই একাজ করা হয়েছে। জানা গেছে, যে শত শত লোককে হত্যা করা হয়েছে। হেফাজত দাবি করেছে যে ২ হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত বিটিভি এবং আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেল ও সংবাদপত্র এ ব্যাপারে নীরব রয়েছে। শত শত হেফাজতকর্মীকে হত্যা ও গণমাধ্যম বন্ধ করে দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অধিকার।
