চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মীর হাউজিংয়ের দুটি ভবনে চরম ঝুঁকি নিয়ে বাসিন্দারা বাস করছেন। ভবন দুটির একটিতে দুই তলা ভিত্তিপ্রস্তর থাকলেও ভবন নির্মাণ নীতিমালা না মেনে চার তলা ভবন তৈরি করা হয়েছে। আরেকটি পাঁচতলা ভবনের ছাদে অবৈধভাবে বসান হয়েছে দুটি মোবাইল ফোনের সুবিশাল টাওয়ার। প্রায় ১৫০ টন ওজনের ভারি টাওয়ারের চাপে চারটি পিলারে বড় ধরনের ফাটল ধরেছে বলে পৌর প্রকৌশলী জানিয়েছেন। বর্তমানে হাউজিংয়ের ৮৭ নম্বর হাজী নূর মঞ্জিল এবং ৮৬ নম্বর আল ফজল নামে ভবন দুটির একপাশ মাটিতে ডেবে গিয়ে ঝুঁকে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেখে মনে হবে একটি ভবনের কাঁধে ভর করে যেন আরেকটি ভবন টিকে আছে। এলাকাবাসী ও ভবনের বাসিন্দারা মনে করছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এখানকার বাসিন্দারা চরম দুর্ঘটনায় পতিত হবে।
মিরসরাই পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার বলেন, একটি ভবনের ছাদে অবৈধভাবে মোবাইল ফোন কোম্পানির দুটি টাওয়ার স্থাপন করা হয়েছে এবং এ দুটি ভবনে পৌর বিল্ডিং নির্মাণ নীতিমালা মানা হয়নি। নেয়া হয়নি চারতলা ভবনটির কোন প্রকার অনুমোদন। সরেজমিন পরিদর্শনের পর পৌর কর্তৃপক্ষ ভবন মালিকদের সংশ্লিষ্ট দপ্তরে হাজির হতে নির্দেশ দিলেও তারা কেউ ধরা দিচ্ছেন না।
মীর হাউজিংয়ে এ প্রতিবেদক গত সোমবার গিয়ে দেখতে পান, ২০০০ সালে নির্মিত ৪তলা আল ফজল ভবনটির নিচের কিছু অংশ মাটিতে ডেবে গিয়ে পাশের ভবনটির ওপর হেলে পড়েছে। এতে ভবনের বিভিন্ন দেয়ালে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এ ভবনে বসবাস করছে ১০টি পরিবার। চারতলা ভবনের মালিক সায়েদ আহম্মদের সাথে গত মঙ্গলবার কথা বলতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ভবনটির পাশে হাজী নূর মঞ্জিল ভবনে বাস করছে ১৯টি পরিবার। এ ভবনটি নির্মাণ করা হয়েছে ২০০৪ সালে। ভবনটির নিচের দিকে পিলার অক্ষত থাকলেও পাঁচ তলায় চারটি পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
হাজী নূর মঞ্জিলের মালিক আমিনুল হক বলেন, আমি পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন এবং টাওয়ার স্থাপন করেছি। পৌর কর্তৃপক্ষ টাওয়ার ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়ার পরও কেন তা ভাঙ্গা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি। প্রয়োজন হলে আমি টাওয়ার ভেঙ্গে ফেলবো। মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান বলেন, পৌরসভায় অবস্থিত সবগুলো ভবনের নকশা, অনুমোদন এবং ভবন তৈরি নীতিমালা মানা হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মীর হাউজিংয়ের ভবন দুটি সম্পর্কে পৌর প্রকৌশলী ভাল বলতে পারবেন।
