এসএসসি’র ফল প্রকাশ আজ

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৪
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। একই সময়ে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র, বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের কপি দেবেন। গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। হরতালের কারণে এবার পাঁচদিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে অন্য দিনে নেয়া হয়। বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লি¬ষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ই-মেইল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইট: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইল এমএমএস: যেকোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য ssc ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো একটি স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।