বাংলাদেশে গত ৫ ও ৬ মে রাজধানীসহ সারাদেশে হেফাজতে ইসলাম ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটেনভিত্তিক ভিত্তিক এ মানবাধিকার সংগঠনটি মঙ্গলবার তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক পলি ট্রাসকট বলেন, ওই দিন আসলে কি ঘটেছিল এবং কেন এত মৃত্যুর ঘটনা ঘটলো তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, ৫ ও ৬ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৪৪ জন নিহত হয়। ব্লাসফেমি আইন প্রণয়ণ ও নারীদের চলাফেরায় বিধি-নিষেধ আরোপসহ ১৩ দফা দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করছে হেফাজতে ইসলাম। এ দাবিতে ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি দেয় সংগঠনটি। এ সময় সংগঠনটির কর্মীরা রাজধানীতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালায়। তারা পুলিশের ওপর হামলা চালানোসহ বাস, গাড়ি, ছোট ছোট দোকান এবং বইয়ের দোকানও পুড়িয়ে দেয়। পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ প্রসঙ্গে অ্যামনেস্টি বলছে, বিক্ষোভ পরিস্থিতি বিতর্কিত। পুলিশ বলছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ইট-পাটকেল ছুঁড়েল সংঘর্ষ হয়। আর ৬ মে প্রথম প্রহরে পুলিশি অভিযানের ফলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির ১০ হাজার সদস্য অংশ নেয়। এতে এক হাজারের বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ ৫ মে সংঘর্ষে চারজন নিহত হওয়ার কথা স্বীকার করলেও ৬ মে ঘটনার ব্যাপারে নীরব রয়েছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, রাজধানীতে দুই দিনে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হাসপাতালসূত্রে ২২ জন নিহত হওয়ার খবর পেয়েছে। এছাড়া ৬ মে রাজধানীর বাইরে নারায়াণগঞ্জ, বাগেরহাট ও চট্টগ্রামের (হাটহাজারী) ২২ জন মারা গেছে। সব মিলিয়ে কমপক্ষে ৪১ জন বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সংগঠনটি জানিয়েছে। বিক্ষোভকারীদের প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শক্তি প্রয়োগের জন্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
