উত্তরাঞ্চলে যাচ্ছে উখিয়ার কাঁঠাল

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৫
উখিয়ায় চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পর এখানে উত্পাদিত কাঁঠাল পাইকারী ব্যবসায়ীদের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় যাচ্ছে। কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারণে তারা কাঁঠালের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বর্তমানে এখানের হাটবাজারগুলোতে মাঝারি আকারের প্রতিটি কাঁঠাল ৫০-৬০ টাকায় বিক্রি হলেও গড়ে তারা ৩০ টাকা পাচ্ছেন। সংশিষ্ট সূত্রে জানা গেছে, কাঁঠালের প্রচুর চাহিদা থাকার কারণে উখিয়ার বেশিরভাগ স্থানীয়রা বাড়ির পাশে সীমিত পরিসরে কাঁঠালের বাগান করে উত্পাদনের মাত্রা বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন সরকারি খাস জমি, ব্যক্তি মালিকানাধীন পরিত্যক্ত ভূমিসহ এক সময়ের বেহাত অবস্থায় থাকা জমিতে কৃষকরা বাণিজ্যিকভাবে কাঁঠাল বাগান করছেন। ফলিয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, তিনি বনবিভাগের জায়গায় বসবাস করেন। বাড়ির ৫০ শতক জমিতে তিনি শতাধিক কাঁঠাল গাছ রোপণ করে চলতি মৌসুমের এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছেন। আরো প্রায় ৩০ হাজার টাকার কাঁঠাল অবিক্রীত অবস্থায় গাছে রয়েছে। হরিণমারা বাগানের পাহাড় এলাকার নাজির হোছেন জানান, তার বাগানে প্রায় ২০০ গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। এভাবে আরো কয়েক বছর কাঁঠাল ধরলে তার আর কোনো দুঃখ থাকবে না। স্থানীয় কৃষকদের অভিযোগ, এসব কাঁঠাল বাজারজাত করতে হাটবাজারে নেয়া হলে দালাল ফড়িয়ারা কাঁঠাল কেনার পূর্ব মূল্য নির্ধারণ করে রাখেন। যার ফলে ন্যায্য মূল্য না পেয়ে তাদেরকে বাধ্য হয়ে বাজারে আনা কাঁঠাল বিক্রি করতে হয়। স্থানীয় কাঁঠাল ব্যবসায়ী নূর আহাম্মদ জানান, স্থানীয় হাটবাজার থেকে কেনা কাঁঠাল উত্তরাঞ্চলের যে কোনো জায়গায় নিয়ে যেতে প্রায় ২০ হাজার টাকা পরিবহন খরচ হয়। তাই কাঁঠাল কেনার আগে হিসাব করে তুলনামূলক বিবেচনা না করলে তাদের লোকসান হয়। এভাবে মধ্যস্বত্বভোগীদের কারণে উত্পাদিত কাঁঠাল বিক্রি করে ন্যায্য মূল্য না পেলেও কাঁঠালের বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা ইউসুফ ভুঁইয়া জানান, চলতি মৌসুমে প্রায় ২৫০ হেক্টর জমিতে কাঁঠাল উত্পাদন হয়েছে। তবে বেসরকারিভাবে কাঁঠাল উত্পাদনের লক্ষ্যমাত্রা আরো অনেকগুণ বেশি হতে পারে বলে কৃষকরা জানান।