নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের ওপর তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপশি আগামী চার সপ্তাহের মধ্যে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের সীমানা নির্ধারণ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই স্থগিতাদেশের ফলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সহসাই হচ্ছে না।
বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রমজান আলী নামের এক ব্যক্তির দায়েরকরা রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল এ স্থগিতাদেশ দেন। রিট আবেদনে বলা হয়, গত ১৮ এপ্রিল সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে গাজীপুর জেলা প্রশাসক। এতে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডকে ভেঙে নিম্নরূপ করা হয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডে পূর্ব জয়দেবপুরের হরিয়ান, লাগালিয়া ও নওগাঁ মৌজা এবং ২৯ নম্বর ওয়ার্ড ভোরা, হাজারিকা, চা বাগান, ছোট দেওড়া, সামন্তপুর, আদাবই, তারাপাড়া, সারপাড়া ও চৈতন্যপুর এলাকা নিয়ে গঠন করা হয়।
আইন অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচন গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়। হিসেব অনুযায়ী ১৫ জুলাই-এর মধ্যে এই সিটির নির্বাচন সম্পন্ন করার কথা। প্রসঙ্গত আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছিল ইসি। সীমানা নির্ধারণের উপর আদালতের স্থগিতাদেশে এ নির্বাচন অনিশ্চিত হয়ে গেল। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত আছি। তবে আদালত যদি কোনো ধরনের স্থগিতাদেশ দিয়ে থাকে তাহলে তো আমাদের করার কিছুই থাকে না।
