রানা প্লাজার ভেতরে পুলিশ প্রহরায় মাদক ব্যবসা করতেন ভবনটির মালিক সোহেল রানা। মাদক ব্যবসা করেই রানা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। রানা প্লাজা ধসে পড়ার পর তার নানা অপকর্মের কাহিনী একে একে বেরিয়ে আসছে। রানার মাদক ব্যবসায় সহযোগিতা ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাভার থানার এক এসআইকে অন্যত্র বদলি করা হয়েছে।
পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার রানার মাদক ব্যবসাসহ অপকর্মে জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন, অনুসন্ধান করে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এত বড় পুলিশ বাহিনীর মধ্যে কিছু খারাপ প্রকৃতির লোক থাকাটা স্বাভাবিক। তাদের কারণে পুরো বাহিনীর সম্মান ক্ষুণ্ন হতে পারে না। তারা যেভাবে বাড়ি থেকে পুলিশ বাহিনীতে এসেছে অপকর্মের কারণে সেইভাবে বাড়ি ফিরে যাবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না বলে পুলিশ প্রধান জানান।
রানা প্লাজা ধসের পর সরেজমিনে গিয়ে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও নানা পেশার অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রানা প্লাজার বেসমেন্টে ছিল মাদকের বড় গোডাউন। এই বেসমেন্ট ও পাশের ডোবায় রানা বস্তায় বস্তায় ফেনসিডিল রাখতো। স্থানীয় পুলিশ প্রশাসনের দুই কর্মকর্তা রানা প্লাজার বেসমেন্টে সব সময় থাকতেন এবং যাতায়াত করতেন। রানার শতাধিক সন্ত্রাসী এ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। রানা প্লাজার বেসমেন্টে মাদক সেবনের ব্যবস্থা ছিল। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার শত শত গার্মেন্টস কর্মীদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। আহত কর্মীদের প্রায় সকলে রানা প্লাজার বেসমেন্টে মাদক ব্যবসা সম্পর্কে জানতেন। অনেকে বস্তায় বস্তায় ফেনসিডিল কাভার্ড ভ্যান থেকে নামিয়ে বেসমেন্ট ও পাশের ডোবায় রাখতে দেখেছেন। এমন তথ্য কর্মীরা জানিয়েছেন। অস্ত্রধারী শতাধিক সন্ত্রাসী রানার এ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলে জানিয়েছে কর্মীরা।
সাভারে মাদকের অন্যতম স্পট ছিল আমিনবাজার। এখানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে পুলিশসহ ৩০ জনের অধিক ব্যক্তি নিহত হয়েছেন। পরে র্যাব ও পুলিশের ব্যাপক ধর-পাকড়ের কারণে এ স্থানে মাদক ব্যবসায় ভাটা পড়ে। এক পর্যায় র্যাবের শক্ত অবস্থানে আমিনবাজারে মাদক ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। আমিনবাজারের মাদক ব্যবসার সঙ্গে রানা জড়িত ছিল। পরে এ স্পট সরিয়ে রানা প্লাজার বেসমেন্ট ও আশপাশে চালু করে রানা। সেই থেকে রানা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছিল। রানার মাদক ব্যবসার অন্যতম পার্টনার মুন্না কয়েক মাস আগে খুন হয়। কেউ কেউ র্যাবের ক্রসফায়ারে কিংবা রানা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে।
রাতে রানা প্লাজার সামনে সীমান্ত থেকে সরাসরি বড় ট্রাক কিংবা কাভার্ড ভ্যান গার্মেন্টসে মালামাল আসতো বলে এলাকাবাসী জানতো। আসলে এ ট্রাক ও কাভার্ড ভ্যানে বস্তায় বস্তায় ফেনসিডিল আসতো। এমন তথ্য স্থানীয় প্রশাসনের দুই কর্মকর্তা জানান। চিকিত্সাধীন কয়েক গার্মেন্টস কর্মী একই তথ্য জানান। রানা রাজধানীর টিটিপাড়া বস্তি, মহাখালী সাততলা বস্তি, আগারগাঁও বিএনপি বস্তিসহ প্রায় সকল স্পটে মাদক সরবরাহ করতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা এর সত্যতা স্বীকার করে বলেন, আমিন বাজার মাদকের স্পট বন্ধ হলে রানা প্লাজার বেসমেন্ট ও আশপাশে সেই স্পট চালু করা হয়। সেখান থেকে বেশ কিছু সংখ্যক ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। রানার মাদক ব্যবসায়ে টাকার ভাগ স্থানীয় এক সংসদ সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ড ও সভা মিছিলে লোকজন সমবেত করার কাজে ব্যয় করতো। এছাড়া স্থানীয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ক্ষমতাধর রাজনৈতিকসহ এক শ্রেণীর কর্মকর্তা নিয়মিত রানার মাদক ব্যবসার ভাগ পেতেন। এ কারণে রানা নিরাপদে ও প্রকাশ্যে মাদক ব্যবসা চালাতো বলে এলাকাবাসী অভিযোগ করেন।
