দুটি প্যাকেজে বিমান এ বছর ৭০ হাজার হজ্বযাত্রী বহন করবে

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৬
এ বছর হজ্ব পালনের সময়সীমা ৪৫ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এজন্য হজ্ব গমনেচ্ছুদের খরচ হবে এক হাজার ৪৭৫ ডলার। পাশাপাশি ২০ থেকে ২২ দিনের একটি সংক্ষিপ্ত প্যাকেজও ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৫০ ডলার। সংক্ষিপ্ত প্যাকেজে যারা হজ্বে যেতে আগ্রহী তাদের বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। আর এ প্যাকেজে মোট দেড় হাজার হাজী যেতে পারবেন। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হজ্ব ফ্লাইট পর্যালোচনা সভায় এ তথ্য জানান হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সচিব খোরশেদ আলম চৌধূরী, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানান হয়, সরকার এ বছর ১ লাখ ৩০ হাজার হজ্বযাত্রীর প্রস্তুতি নিয়েছে যার সমান হারে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে। সে হিসাবে বাংলাদেশ বিমান ৬৫ হাজার যাত্রী পেলেও প্রায় ৭০ হাজার যাত্রীর প্রস্তুতি নিয়েছে। এ বছর বিমানের হজ্ব ফ্লাইট ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ অক্টোবরে শেষ হবে। ফিরতি ফ্লাইট ২০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।