আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে কেউ যাতে আজ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, অতীতের রায়গুলোর পর তারা যেমন সীমাহীন নৈরাজ্য চালিয়েছে সে রকম যেন না করতে পারে সেদিকে সকলকে নজর রাখতে হবে। স্বাধীনতাবিরোধীদের বিশ্বাস করে একটু অসতর্ক হলেই বিপদ।
মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দল বিএনপি লাশ খুঁজে বেড়াচ্ছেন। সাভারের ঘটনায়ও তিনি লাশ গুমের অভিযোগ করেছিলেন। তিনি বলেন, শাপলা চত্ব্বর থেকে হেফাজতকে সরাতে চালানো অভিযানে প্রাণহানি হয়নি। দুঃখজনক হলেও সত্য, বিএনপি-জামায়াতের দোসর খালেদা জিয়া লাশ গুমের আজগুবি ও হাস্যকর অভিযোগ তুলে গায়েবানা জানাজা পড়েছে। শত শত লাশ গুম হয়েছে অভিযোগ করে বিএনপি নজিরবিহীন মিথ্যাচার করছে। সেই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করতে ২ দিনের হরতাল ডেকেছে। যারা ধর্ম রক্ষার নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার সরকার ধর্মকে রক্ষা করেছে। হেফাজতের তাণ্ডবের চিত্র তুলে ধরে তিনি বলেন, হেফাজত, বিএনপি ও জামায়াত এরা ইসলামের শত্রু। গত ৫ মে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মোয়াজ্জিন মাওলানা মাসুদুর রহমান যিনি ৩০ বছর ধরে আজানের ধ্বনিতে মুসুল্লিদের নামাজ পড়ার জন্য মসজিদে আহ্বান জানিয়ে আসছিলেন তাকেও এই হেফাজতিরা মসজিদের ভেতরেই জবাই করতে উদ্যত হয়েছিল। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, শেখ ফজলে নূর তাপস এমপি প্রমুখ।
