পিলখানায় লাশ গুমের অভিযোগ সঠিক নয় : বিজিবি মহাপরিচালক

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৬
বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘বিজিবির মনোবল ভাঙতে লাশ গুমের গুজব ছড়ানো হচ্ছে। হাজার হাজার লাশ গুমের অভিযোগ সত্য নয়। এটি স্রেফ গুজব। পিলখানায় অনেক প্রতিষ্ঠান রয়েছে। রাতে নির্মাণ শ্রমিকরা কাজ করেন। এছাড়া বর্তমানে মিডিয়া খুবই সজাগ। তাদের চোখ ফাকি দিয়ে শ’ শ’ লাশের ট্রাক পিলখানায় কিভাবে প্রবেশ করলো? এধরনের বক্তব্য দিয়ে বাহিনীর মনোবল ও সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ গতকাল বুধবার সকালে পিলখানাস্থ বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে নিহত বিজিবি সদস্য লাভলু হোসেনের জানাজা শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে সকাল ৯ টায় পিলখানাস্থ বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে নিহত বিজিবি সদস্য লাভলু হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত সোমবার নারায়ণগঞ্জের কাঁচপুরে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনকালে হেফাজতে ইসলামের কর্মীরা দা, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে লাভলু হোসেন আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি’র পক্ষ থেকে সিপাহী লাভলু হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সিপাহী লাভলু হোসেনের লাশ বিজিবি’র ব্যবস্থাপনায় হেলিকপ্টার যোগে তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সালগুর গ্রামে পাঠানো হয়। সেখানে গতকাল বিকালে তাকে দাফন করা হয়।