পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সৌদি আরব সব সময় স্পষ্ট সমর্থন দিয়েছে। নতুন করে সমর্থনের প্রয়োজন নেই। সৌদি সরকার মনে করে, এই বিচার আমাদের নিজস্ব ব্যাপার। তাদের কিছু বলার নেই। আমরা যে এই বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে করছি তা অবহিত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ডা. দীপু মনি একথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের গত ৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান বিদেশে কোন নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যম সেদিনের ধ্বংসযজ্ঞ বিশ্বের সামনে তুলে ধরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অভিযান চালিয়েছে। এতে কোন ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না। শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছে সরকার। প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করেনি। কিন্তু এর ফলে কি হল সবাই দেখেছে। তিনি বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে একটি গোষ্ঠী যেভাবে হতাহতের ঘটনা ঘটিয়েছে তা কাম্য নয়। মৃত্যুর জন্য তাদের আগ্রাসী ভূমিকা দায়ী। মৃত্যুকে নিয়ে নাটক সাজানো হয়েছে। বড় একটি দল মিথ্যাচার করেছে। এসবের ফলে ইমেজ সংকট হতে পারে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশে মাদ্রাসার নিষ্পাপ শিশুদের যেভাবে নামানো হয়েছে তাতে ইমেজ ক্ষুণ্ন হতে পারে।
গত ২৯ এপ্রিল জেনেভায় মানবাধিকার শুনানি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রশংসা করেছেন বিদেশি প্রতিনিধিরা। তাদের অনেক পরামর্শ আমরা গ্রহণ করেছি। তথাকথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের জবাবও দিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৭ মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এটাই হবে জন কেরির সঙ্গে তার প্রথম সাক্ষাত্। এতে দ্বিপাক্ষিক সব ইস্যু বিশেষ করে জিএসপি সুবিধা বহাল রাখা নিয়ে আলোচনা করবেন। সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
