সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন গণসংযোগে ব্যস্ত। প্রার্থী হওয়ার ব্যাপারে তারা শুভাকাঙ্ক্ষীদের দোয়া-মতামত চেয়ে নিচ্ছেন। মেয়র পদে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান এখন পর্যন্ত তার দলের একক প্রার্থী। বিএনপি থেকে মেয়র পদে ইতিমধ্যে তিন নেতা মাঠে নেমেছেন। অন্যদিকে মহাজোটের শরীক বাম দলগুলো কামরানকে সমর্থন না দিয়ে নিজেদের মধ্য থেকে আলাদা প্রার্থী দেয়ার লক্ষ্যে কাজ করছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত সপ্তাহে সিলেট সফরকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে বর্তমান মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নাম ঘোষণা করেন। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগ এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি। সংশ্লিষ্টরা জানান, মেয়র কামরানের প্রার্থিতা নিয়ে নিজ দলে তেমন কোন ঝামেলা নেই কিন্তু মহাজোটের শরীক বাম দলগুলোর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছে।
গত সোমবার রাতেও জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও এনডিএফ-এর সিলেটের শীর্ষ নেতারা নির্বাচনে বাম জোটের করণীয় ও প্রার্থী চূড়ান্তের ব্যাপারে দীর্ঘ বৈঠক করেছেন। অচিরেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন। জাসদের সিলেট জেলা সাধারণ সম্পাদক লোকমান আহমদ ইত্তেফাককে বলেন, নানা অনিয়ম-দুর্নীতি-দুঃশাসনে সিলেট নগরবাসীর নাভিঃশ্বাস উঠেছে। মানুষ এখন পরিবর্তন আকাঙ্ক্ষায় উন্মুখ হয়ে আছে। মানুষের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যেসব নেতা রাতে হেফাজতে ইসলামের খেদমত করে, দিনে ১৪ দলের সভায় লম্বা বক্তৃতা করে, বিকালে গণজাগরণ মঞ্চে একাত্মতা পোষণ করে, আবার গোপনে জামায়াতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা স্বার্থের বৈঠক করে-তাদেরকে নগরবাসী আর তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চায় না। লোকমান আহমদ জানান, দুই-একদিনের মধ্যেই বাম দলগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এদিকে বিএনপি থেকে মেয়র পদে ইতিমধ্যে তিন নেতা মাঠে নেমেছেন। মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, বর্তমান সহ-সভাপতি নাসিম হোসাইন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। এমনিতেই দীর্ঘদিন ধরে নানা গ্রুপ-উপ-গ্রুপে বিভক্ত সিলেট বিএনপিতে এখন নতুন করে বিভাজন দেখা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না এবং করলে কে হবেন দলের প্রার্থী তা বিএনপি নেতা-কর্মীরাও বুঝে উঠতে পারছে না। অবশ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নিজের দৃঢ়তার কথা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো আলোচনায় রয়েছেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, জাপা নেতা আব্দুস সামাদ নজরুল প্রমুখ।
