রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে গুলিতে আহত পথচারী আলমগীর হোসেন (৪০) গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি জাতীয় পার্টির (এ)-এর জাতীয় যুব সংহতি গেণ্ডারিয়া থানা শাখার আহবায়ক ছিলেন। গেন্ডারিয়ার ডিস্টিলারী রোডে তার বাসা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে আলমগীর হোসেন তার ব্যক্তিগত কাজে গুলিস্তানে আসেন। এসময় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হেফাজত কর্মীরা হামলা চালায়। এসময় পুলিশ ও আওয়ামী লীগ-হেফাজত কর্মীর মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আলমগীর হোসেন মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে ফুটপাত দিয়ে জিপিওর দিকে দৌড়াতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল সকালে তিনি মারা যান।
নিহতের স্ত্রী রেশমা বেগম জানান, তার স্বামী জাতীয় পার্টির (এ) যুব সংহতি গেণ্ডারিয়া থানা শাখার আহবায়ক ছিলেন।
