হরতালের প্রথম দিনে সারাদেশে গ্রেফতার ৩৫

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:৫৮
১৮ দলীয় জোটের ডাকা দুই দিনব্যাপী হরতালের প্রথম দিনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটেছে। হরতালের আগে ও হরতাল চলাকালে গ্রেফতার হয়েছে ৩৫ জন। চট্টগ্রাম বন্দর ও স্থল বন্দরগুলোতে কর্মকাণ্ড স্বাভাবিক থাকলেও পণ্য আসা যাওয়া বন্ধ ছিল। ফটিকছড়িতে জাতীয় দৈনিক বহনকারী সিএনজি ভাংচুর করা হয়। চট্টগ্রাম অফিস জানায়, হরতালের প্রথম দিনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে কাজীর দেউড়ি মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। নগরীর নাসিমন ভবনের সামনে দিনভর জোটের নেতাকর্মীরা অবস্থান করে মিছিল সমাবেশ করেন। শহরের রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল না করলেও প্রচুর রিকশা, সিএনজি অটোরিকশা ও সিটিবাস চলাচল করেছে। বন্দরের ভেতরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক ছিল। নগরীর কোতোয়ালি থানার চন্দনপুরা এলাকার দারুল উলুম মাদরাসায় অভিযান চালিয়ে বুধবার চারশিবির কর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানকালে মাদরাসার বিভিন্ন কক্ষে ব্যাপক তল্লাশি চালিয়ে কয়েক বোতল পেট্রোল উদ্ধার করা হয়। নাশকতার কাজে ব্যবহারের জন্য এ পেট্রল রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। বরিশাল অফিস জানায়, ১৮ দলের হরতালের প্রথমদিনে সমর্থনে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দল। সকালে হরতালের সমর্থনে সকালে মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপির নেতৃত্বে নগরীর নাজিরের পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার টাউনহলস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে করে। হরতালে নগরীতে অটোরিক্সাসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর চালিয়েছে পিকেটাররা। দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল করছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে ১৮ দলীয় জোটের হরতালের প্রথমদিন বুধবার ঢিলেঢালা ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। পিকেটিং না থাকায় দুপুর গড়াতেই জনজীবন প্রায় স্বাভাবিক হয়ে আসে। বিকালে মহাসড়কে চলেছে ভারী যানবাহনও। রংপুর প্রতিনিধি জানান, হরতালের প্রথমদিন গতকাল সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক ব্যারিকেড ও ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা। দুপুরে মহানগরীর লালবাগ ১ নম্বর রেলগেট এলাকায় রেল লাইনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা আধাঘন্টা রেলপথ অবরোধ করে রাখে। অপরদিকে বড় ধরনের কোন সহিংসতা না হলেও নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং করার চেষ্টা করে শিবির কর্মীরা। চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হরতাল বিরোধী মিছিল থেকে পৌর বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর সংবাদদাতা জানান, হরতালের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে হরতাল সমর্থনকারীরা সড়কের বিভিন্ন স্থানে প্রায় ২০/২৫টি যাহবাহন ভাংচুর করে। মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রিকশা , সিএনজি ও ম্যাক্সি চলাচল স্বাভাবিক ছিল। কাহালু (বগুড়া) সংবাদদাতা জানায়, গতকাল বুধবার সকালে হরতাল চলাকালে বগুড়ার কাহালু উপজেলা সদরের রেলওয়ে বটতলা এলাকায় উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ২ বিএনপি নেতা আহত হন। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে ১৮ দলীয় জোটের ডাকা আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের চলছে। সকালে লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কের মিয়া রাস্তার মাথা নামকস্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে যানচলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকরা। সাতক্ষীরা প্রতিনিধি জানান, হরতালের প্রথম দিনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ঈগল পরিবহনে আগুন দেয় জামায়াত-শিবির সমর্থকরা। এ ছাড়া একই স্থানে আরো ৩টি পরিবহন ও বিনেরপোতা এলাকায় দু’টি ট্রাক ভাংচুর করেছে তারা। সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোন ট্রাক বন্দর ছেড়ে যায়নি। এদিকে সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে গতকাল বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন হত্যা মামলার এজাহার নামীয় আসামী ও জেলা জামায়াতের রোকন মোঃ সাইফুল্লাহকে আটক করেছে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে প্রথম দিনে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। হরতালে পিকেটিং করার সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শেরপুর প্রতিনিধি জানান, বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি শেরপুরে। একমাত্র দূরপাল্লার যানবাহন ছাড়া জেলার সব রুটেই যথারীতি যানবাহন চলাচল করেছে। সিলেট অফিস জানায়, বিএনপির ডাকা হরতালের বিরুদ্ধে নগরীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এসময় তারা নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। নোয়াখালী প্রতিনিধি জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ১৮ দলের ডাকে প্রথম দিন গতকাল বুধবার নোয়াখালীর সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতালের আগের রাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপির ৩ জন ও জামায়াত শিবিরের ৪ জনসহ ৭ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানায়, দিনাজপুরের হিলি স্থলবন্দরে সকাল থেকেই দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিকভাবেই। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কাজ চলছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম শহর থেকে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে ফটিকছড়ি ফেরার সময় বুধবার ভোরে হাটহাজারী উপজেলার চারিয়া মাদ্রাসার সামনে হরতালকারীরা একটি সিএনজি ভাংচুর করে। সিএনজির সামনে পত্রিকাবাহী ব্যানার ছিল। ভাংচুরের সময় এজেন্ট আব্দুল মালেক ও চালক ওমর ফারুককে বেধড়ক মারধর করে তাদের নিকট থাকা টাকা ও মোবাইল কেড়ে হয়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আজিজিয়া শামসুল উলুম চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহকে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার মাদ্রসা থেকে পুলিশ তাকে আটক করে। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলার ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, কালীগঞ্জ থানা জামায়াতের সহকারী সেক্রেটারী আজিজুর রহমান ও মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন জামায়াতের আমির আবু জাফর। পুলিশের উপর হামলা করে আহত করা মামলার আসামী হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয় মঙ্গলবার দুপুরে । নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বরের একটি মার্কেটের সামনে থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ হেফাজতে ইসলামের এক কর্মীকে গ্রেফতার করেছে। তার নাম মাওলানা আজারুল ইসলাম (৩৩)।