ঘুষের টাকা ফেরত দেয়ার দাবিতে পাথরঘাটা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তাইয়ুবুর রহমান জুয়েলকে প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে ভূমি অফিসে অবরুদ্ধ করে রাখা হয়। টাকা ফেরত দেবেন এমন মুচলেকা দিয়ে পরে মুক্তি পান তিনি। জমিজমা সংক্রান্ত নানা কাজে প্রায় অর্ধশত ব্যক্তির কাছে ২০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন জুয়েল। সম্প্রতি গোপনে তদবির করে জুয়েল বরিশালের আগৈলঝাড়ায় বদলি হন। তিন দিনের ছুটি নিয়ে ১৪ দিন কাটিয়ে মঙ্গলবার পাথরঘাটা অফিসে ছাড়পত্র নিতে আসেন। জুয়েল পাথরঘাটা অফিসে এসেছেন—এ খবর পেয়ে এলাকার লোকজন তাকে গভীর রাত পর্যন্ত অফিসে অবরুদ্ধ করে রাখেন। টাকা নেয়ার কথা স্বীকার করে টাকা ফেরত দেয়ার মুচলেকা দিয়ে ছাড়া পান জুয়েল। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা শেখ মুর্শিদুল ইসলাম জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে শোকজ করা হয়েছে।
