পঁচিশে বৈশাখ এলে

আপডেট : ০৯ মে ২০১৩, ১৮:৫৪
পঁচিশে বৈশাখ এলে শঙ্খ বাজে ঘুমের পাড়ায় আমাদের ছোট নদী খেলা করে শিরায় শিরায়। গীতবিতানের সুরে ধূপের গন্ধের মতো কাশফুলে জ্বলেন ঈশ্বর। আমি কেন উদাসীন, দারুণ অগ্নির বাণে আমার একান্ত দরোজায় হু হু আর্তনাদে হাওয়া ঢুকে পড়ে ডাকাতের মতো! টানটান বিছানায় জেগে ওঠে কয়েকটি ঢেউ। হঠাত্ আকাশ কালো, ধেয়ে আসে অন্ধকার ট্রেন বুকের সেলাই ছিঁড়ে প্রাক্তন হুইসিল বাজে জানালায় ঘাতক রুমাল রুমালের ভাঁজ ভেঙে সবুজ আগুন মেখে জোনাকিরা জ্বলে রাতভর। সীমান্তের ওপার থেকে হাত নাড়ে লাবণ্যের নদী। ট্রেনে চড়ে চলে গেছে পঁচিশে বৈশাখ সেই কবে, তবু কেন শুনতে পাই—নখে যদি ফুল ফোটে ফের দেখা হবে। কোথায় কবিতাপাঠ, উড়ে যায় আমন্ত্রণলিপি; দেয়ালে রবীন্দ্রনাথ সরে যান স্মিত হেসে মুরুব্বির মতো, টানটান বিছানায় ঢেউ জাগে মালকোষ রাগে আনন্দের ধারা বহে ভুবনে ভুবনে। —বলো, আর কবে? —নখে যদি ফুল ফোটে, ফের দেখা হবে। সবুজ রুমালসহ চলে যায় গোলাকার চাকা, পঁচিশে বৈশাখ এলে এত পাখি গায়, এত ফুল ফোটে— নখে শুধু রেললাইন আঁকা