প্রিমা নাজিয়া আন্দালীবের একক চিত্রপ্রদর্শনী
যত দূর মনে পড়ে লিওতার্দ বলেছিলেন, ‘আমি তাহাই, যাহা আমি কিনি।’ এই কেনাকাটার সংস্কৃতি পণ্যবাহিত সমাজের চরিত্র; সে গ্রামের হোক বা শহরের। বিজ্ঞাপন যথারীতি পৌঁছে গেছে যত দূরে মানুষ আছে। বোধের সীমানা অতিক্রম করে ঢুকে গেছে পণ্যের প্রয়োজনীয়তা এবং সৃষ্টি করেছে স্বপ্ন। পণ্যের এই দাপটি-দেমাগি রূপ থেকে শহর সেজে ওঠে। রূপান্তরিত হয়ে ওঠে মানুষের মতো ইট-পাথরও। পয়সা আর মেকআপ ছাড়া গুরুত্বহীন বিনিময়তা। মনোজগতের এসব বৈশিষ্ট্যের সামান্য লক্ষণ নিয়ে হাজির হয়েছে প্রিমা নাজিয়া আন্দালিবের ক্যানভাস।
হাই হিল, নাগরাসহ বিবিধ জুতোর উপস্থিতি মনোজাগতিক বাসনাসহ প্রকাশিত হয়েছে। বাণিজ্যিক ভূগোল এখানে সৃষ্টির প্রেরণা ভূমি হিসেবে দেখা দিয়েছে। প্রকৃত প্রস্তাবে শিল্পের মর্যাদা নিরূপণে প্রথমেই নজর দিতে হয় এসব কাজের লক্ষণ কোন উত্সজাত, সে দিকে। উেস ফিরে যেতে হলে যেমন কোনো এক সুতার প্রয়োজন, যার সাহায্যে পৌঁছে যাওয়া যাবে বিষয়বস্তুর অন্তর্লোকে তেমনি প্রিমার ছবির মনোজগতের ভেতর প্রবেশ করে দেখা গেল, পণ্য ও পোশাককে নিবিড়ভাবে আলিঙ্গন করার বাসনাই তাঁর ক্যানভাস কিংবা স্থাপনা সৃষ্টি করবার নিরন্তর প্রেরণা। বাণিজ্যিকিকরণের জন্মগত প্রবণতার কোনো নির্দিষ্ট মানচিত্র আর নেই। পুঁজির সাথে সাথে এর চাকাও ঘুরছে সর্বত্র। ঘুরে এসে এই যে বর্তমান বাংলাদেশে এসে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই এর ভেতরে আছে স্ববিরোধিতা। আছে ক্রেতা ও বিক্রেতার মাঝে অনৈতিক দ্বন্দ্ব। এর কারণ, পুঁজি বা পণ্য এখানে দাঁড়িয়েছে কোনো প্রকার ক্ষেত্র প্রস্তুত ছাড়াই। যার ফলাফল আমরা প্রিমার ক্যানভাস ও তাঁর চিন্তার ভেতর স্পষ্টাকারে দেখতে পাই। যেমন প্রিমা একদিকে বলেন, ‘আই বিলিভ, আর্ট ওয়ার্কস হ্যাভ এ টাইমলেস ডাইমেনশন’। অন্যদিকে তাঁর ক্যানভাসের দিকে ফিরলে শিল্পবিপ্লব থেকে উঠে আসা পপ-সংস্কৃতির সময় দারুণভাবে মাতাল করে রাখে তার ক্যানভাসভূমি। বৈপরীত্যের এই দ্বন্দ্বের মধ্যে নিজেকে কেটেকুটে রক্তাক্ত করাই যেন পরম নিয়তি।
প্রিমার ছবির শিরোনামগুলোর দিকে এবার তাকানো যাক। কসমোপলিটনসহ এবারকার অধিকাংশ কাজের ধরন রঙের দিক থেকে ‘ফভ’ এবং ফর্ম ও কম্পোজিশনের দিক থেকে পপ আর্টের স্মারক। অনেক কাজ সৃষ্টি হয়েছে তেলরঙের পাশাপাশি কাগজের কোলাজের সমন্বয়ে। ফর্ম ও কোলাজের সমন্বয় অসাধারণ। যদিও কতক ক্ষেত্রে পেস্টিংয়ের দুর্বলতা চোখে পড়ার মতো। ট্র্যাডিশনাল পেইন্টিংয়ের সাথে কোনো কোনো কাজে অনেকটা নেকাবের মতো ব্যবহূত হয়েছে কালো খানিকটা ওপেক ট্রান্সপারেন্ট কাপড়। মেকআপ ও নেকাব সংস্কৃতির অন্তর-বাহিরের গল্প রয়েছে ‘টি অর মি’, ‘ব্রাইড ইনসাইড’ শিরোনামের ছবিগুলিতে। ‘কাস্টিং কোচে’র বিন্যাস অসাধারণ। হাঁটুর খানিকটা ওপর থেকে পায়ের পাতা অবধি একটা ফ্রেম। ‘অপর’ রূপের প্রতি প্রিমার মনোজাগতিক নির্মাণ রয়েছে ‘হোয়াট ইফ আই ওয়ার ইউ’। অপরকে তিনি তাঁর নিজের সমান্তরালে দেখছেন না। সে রূপের ক্ষেত্রে হোক কিংবা অবস্থানের ক্ষেত্রে। অপর তাঁর কাছে সৌন্দর্যের স্মারক নয়, কেবল উপস্থিতির চিহ্নমাত্র। ‘কনভারসেশন উইথ লাইট-২’ এবং ‘লেট দেয়ার বি লাইট’—এই ছবি দুটিতে সারফেসের সাথে আলাদাভাবে যুক্ত হয়েছে আলো, যা আউট লাইন কিংবা রেখার ভূমিকা পালন করে একটা ভিন্ন দৃষ্টি তৈরি করেছে। পশ্চাদ্পদতা এবং দারিদ্র্যের সাথে আলোর দূরত্ব অনেক। সেই দূরত্বটুকু ঘুঁচিয়ে এনে আলোকে সামনে দাঁড় করিয়ে দিয়ে লক্ষ্যটাকে ঠিক কাছাকাছি রেখেছেন। এ যেন হাত বাড়ালেই আমরা আলোকিত হতে পারি! ‘সারকামস্টান্স’, ‘ইফ আই উড হ্যাভ বিন অ্যান অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট’, ‘কিল্ট’—কাজগুলো বিমূর্ত অভিব্যক্তিবাদের। রং ও খানিকটা জ্যামিতিক ফর্মের সমন্বয়ে সৃষ্টি এই কাজের প্রকৃতি খানিকটা মার্ক রথকোর প্রজননজাত। বিশেষ করে ‘ইফ আই উড হ্যাভ বিন অ্যান অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট’ কাজটি। কতগুলো ইমেজ সৃষ্টি হওয়া ছাড়া কাজগুলোর অবস্থান শনাক্ত করা দুষ্কর। ‘ক্যাসেল ইন দ্যা স্কাই’ সিরিজের কাজগুলো ফিগারেটিভ, ড্রইং-নির্ভর। যথারীতি নারীদেহের বিবিধ ভঙ্গিমা ফুটে উঠেছে কড়া রঙের ভেতর দিয়ে। স্পষ্ট হয়েছে স্বাভাবিক যৌনতা। কোনো কোনো ক্ষেত্রে ধরনটি আধা জ্যামিতিক। ‘মিরাজ’ ছবির প্রাণীটি অদ্ভুদ। পেছনের পা খুরওয়ালা হলেও সামনের পায়ের পাতা ও আঙুল মানুষের মতো। এ ক্ষেত্রে ব্যবহূত হয়েছে হলুদ রং। রেখার সারল্য এবং মিনিমাল ধরন নিয়ে ‘ড্যান্স লিটল ডে লেডি’ অপুনরাবৃত্তিমূলক। সারফেসের সাথে লেপ্টে থাকা বিষয়বস্তুর থেকে হঠাত্ হলুদ রেখার ছন্দ ক্রমেই ক্যানভাসের বাইরের দিকে আলতো পরশে বের করার অনুরোধ জানায়। প্রকৃত প্রস্তাবে শিল্পের স্বার্থকতা তাঁর ক্ষেত্রভূমিতে। নতুন অর্থ উত্পাদিত না হলে সারফেস কেবল ইমেজসর্বস্ব থেকে যায়।
বেঙ্গল আর্ট লাউঞ্জে ৪ মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
