ওয়েবসাইটে রবীন্দ্র রচনা-সম্ভার
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস বিভাগের তৈরি রবীন্দ্র রচনা-সম্ভারের ওয়েব সাইট ‘বিচিত্রা’র উদ্বোধন হয়েছে গত ৫ মে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এর উদ্বোধন করেন। ওয়েবসাইটটিতে রয়েছে ৪৭ হাজার ৫২০ পাতার বাংলা ও ইংরেজি পাণ্ডুলিপির ছবি ও প্রতিলিপি। ওয়েবসাইটটি পাওয়া যাবে http//bichitra.jdvu.ac.in— এই ঠিকানায়।
সত্যজিত্ রায়ের ৯২-তম জন্মদিন উপলক্ষে গুগল ডুডলে ‘পথের পাঁচালী’
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের প্রতি তাঁর ৯২-তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করল গুগল। ওই দিন গুগল ডুডলের ছবিতে দেখা গেছে, দুজন কিশোর-কিশোরী খোলা প্রান্তরে ছোটাছুটি করছে, যা সত্যজিত্-নির্মিত ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের অপু ও দুর্গাকেই মনে করিয়ে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অনুকরণে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৫৫ সালে। ১৯৯২ সালে সত্যজিত্ রায় অস্কার পদক লাভ করেন।
‘চীনা সাহিত্যের বাক্স্বাধীনতা হরণ করা হচ্ছে’
নিউইয়র্কে পেন ওয়ার্ল্ড ভয়েসের সাহিত্য উত্সবে চীনার বাক্স্বাধীনতা হরণ নিয়ে লেখকেরা তুমুল সমালোচনা করেন। সালমান রুশদি, চেন গুয়াংচেন, ইউ জাই, পিটার গডউইনের মতো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিখ্যাত লেখকেরা নিউইর্য়ক সিটির গোলটেবিল আলোচনায় অভিযোগ করে বলেন—চীনের লেখকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে।
‘স্বাভাবিক মৃত্যু হয়েছিল পাবলো নেরুদার’
নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার দেহাবশেষের প্রাথমিক ময়নাতদন্তে বিশেষজ্ঞেরা নিশ্চিত হয়েছেন যে, মৃত্যুর সময়ে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৭৩ সালে জেনারেল অগাস্তো পিনোশে চিলির ক্ষমতা দখল করে নেওয়ার ১২ দিন পর তিনি মারা যান। তখন থেকেই অভিযোগ ওঠে, বিষপ্রয়োগে তাঁকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসার নেরুদার শরীরে গুরুতর পর্যায়েই ছিল এবং তাঁর স্বাভাবিক মৃত্যু ঘটেছে।
‘দ্য ফোলিও প্রাইজ’ নামের নতুন সাহিত্যপুরস্কার প্রবর্তিত হতে যাচ্ছে আমেরিকায়
আমেরিকান কয়েকজন সাহিত্যপ্রেমী প্রবর্তন করছেন ‘দ্য ফোলিও প্রাইজ’ নামের নতুন সাহিত্যপুরস্কার। শুধু ইংরেজি সাহিত্যের লেখকেরাই এই পুরস্কারের যোগ্য হবেন। দ্য ফোলিও প্রাইজের প্রস্তাবকেরা মনে করেন, সকল সাহিত্যপুরস্কার পক্ষপাতদুষ্ট। কেননা, সবাই স্বার্থসংস্লিষ্ট লেখকদের পুরস্কার দিতে ইচ্ছুক। উদোক্তারা আশা করেন, ‘তাঁরা পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে জাতিগত বিভেদ বিবেচনা থেকে বিরত থাকবেন।’
১৮ মে গেটিসবার্গ বইমেলা
আগামী ১৮ মে গেটিসবার্গ বইমেলা শুরু হতে যাচ্ছে। আয়োজকেরা আশা করছেন, বিশিষ্ট লেখকদের উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা ও বক্তব্যে এবারের উত্সবে অন্যরকম মাত্রা যোগ করবে। আয়োজক জুড অ্যাশম্যান বলেন, ‘গত বছরের মতো এবারও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠান পরিচালনা করবেন জনপ্রিয় লেখক ও উপস্থাপকগণ। সেই সাথে সাহিত্যিকেরাও আলোচনা করবেন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে।’
চিনুয়া আচেবেকে শেষ শ্রদ্ধা
বিশ্বব্যাপী চিনুয়া আচেবেকে সম্মান জানানোর অংশ হিসেবে আগামী ১৮ মে শ্রদ্ধা জানাতে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন জাঁকজমক হবে বলে আয়োজকদের ধারণা। ব্রিটেনে বসবাসরত নাইজেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, আচেবের পরিবার ও স্বজন, নাইজেরিয়ার ব্রিটেনস্থ হাইকমিশন ও বিশ্বসাহিত্যের কর্ণধারগণ এ অনুষ্ঠানের আয়োজন করছে। লন্ডনের নিউ ক্রস এলাকার ‘অল সেইন্ট চার্চে’ প্রার্থনার মধ্য দিয়ে শেষকৃত্য অনুষ্ঠানটি শুরু হবে। সাউথওয়ার্ক গির্জার বিশপ এ প্রার্থনা-অনুষ্ঠান পরিচালনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রন্থনা: শামস আরেফিন
