ডানা

আপডেট : ০৯ মে ২০১৩, ১৮:৫৯
চিত্রনাট্য এখানেই রচিত তবুও—সাভার তোমার ভার নিতে পারছে না আর কোনো শব্দাবলি। নিস্পন্দ নিরপরাধ চোখগুলো যেন থেমে আছে কোনো রাতচেরা ঘুমে—ধ্বস্ত চাপা পড়া কংক্রিটের ক্যাকোফোনি—একেকটা চোখ যেন বিবশ বোতাম—সমস্ত শরীরে আর হাড়গোড়ে প্রত্নপ্রিজমের কণা—পীতাভ আততায়ীর রক্তচোখে উড়ে যাচ্ছে ডিএনএ-র ডানা। দ্যাখো, ওরা লহমায় হারিয়ে ফেলেছে আজ সুগ্রীব সারস—হন্তারক সাঁড়াশির হানা—বহুজাতিক রঙিন ট্যাগ আর লেবেলের মাঝে দ্যাখো ওরা হারিয়ে ফেলেছে ডাগর ডুমুরফুল, কৌমুদিনী দিঘি, করপুটে করতোয়া আর রক্তপুচ্ছ মেঘ। ফ্রকপরা বালিকাই তো ছিল কিছুদিন আগেও—ঋতুবতী কিশোরীর ওম এখনও চোখেমুখে—হুইসেলে ছুটে যাচ্ছে শেষ ট্রেন—সাইকেলে বয়ঃসন্ধি চিঠি—অথচ নূপুরপরা পা আজ টেনে তুলছে মর্মচেরা ক্রেন। ডেনিম জিনস ওয়ালমার্টের টিশার্ট লিভাইস আর রঙচঙে ব্র্যান্ডের স্লেইভ আজ ওরা। বণিকগণ জানেন মাত্র আটত্রিশ ইউরোতেই ওদের হয়ে যায় সাদা ভাত, বাইল্যা মাছের ঝোল, এলাচ লেবুর ঘ্রাণ, সুগন্ধি সাবান, জন্মনিয়ন্ত্রণ পিল, লাল-নীল চুড়ি, আলতার শস্তা শিশি আর প্রেক্ষাগৃহের আলো-আঁধারি। ডানাকাটা দেবদূতগুলো সব পড়ে আছে—সমাধিফলকের পাশে প্রেতনৃত্য—সুতোর ডাইনি আর বস্ত্রপিশাচের গোল হয়ে ঘিরে থাকা বর্তুল বলয়ে—এখানেই রচিত হয়েছে দ্যাখো শব্দহীন এক মৃত্যু-উপাখ্যান।